নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে সক্রিয় হল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে জরুরি বৈঠকে ডেকেছেন। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। ‘বিবেচনাধীন’ ভোটারদের তালিকা প্রকাশের আগে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই মূলত আলোচনা হবে। রাজ্যের কোথাও অশান্তির আশঙ্কা রয়েছে কি না, তাও জানতে চাইতে পারেন প্রধান বিচারপতি। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করলেও তা ছিল অসম্পূর্ণ। ওই তালিকায় ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জনকে ‘যোগ্য’ ভোটার হিসেবে চিহ্নিত করা হয়। অন্যদিকে ‘বিবেচনাধীন’ ভোটারের সংখ্যা দাঁড়ায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। কমিশন সূত্রে জানা গিয়েছে, বুধবার পর্যন্ত প্রায় ২৩ লক্ষ ৩০ হাজার বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়েছে। হাই কোর্ট নিযুক্ত ৭০০-রও বেশি বিচারবিভাগীয় আধিকারিক এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। কাজের গতি আগের তুলনায় বেড়েছে বলেও দাবি করা হয়েছে। সিইও দফতরের অনুমান, এই গতিতে চললে ভোটের আগেই সমস্ত বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি সম্ভব। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল প্রকাশের দিন নির্ধারিত হয়েছে ৪ মে। তবে পূর্ণাঙ্গ ভোটার তালিকা ছাড়া নির্বাচন পরিচালনা সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে নির্ধারিত সময়ের মধ্যে সব নামের নিষ্পত্তি না হলে সংশ্লিষ্ট ভোটারদের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। সে ক্ষেত্রে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। যদিও বিচারবিভাগীয় মহল সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই সমস্ত কাজ শেষ করার চেষ্টা চলছে। এরপরেও যাঁদের নাম বাদ যাবে, তাঁরা বিশেষ ট্রাইবুনালে আবেদন করার সুযোগ পাবেন।এদিকে নির্বাচন ঘোষণার সময় থেকেই কমিশন জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে একাধিক রদবদল করা হয়েছে। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ বহু আমলা ও আইপিএস আধিকারিককে পদচ্যুত করা হয়েছে। অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশকে ঘিরে যাতে কোনও অশান্তি না ছড়ায়, সে দিকেই এখন বিশেষ নজর দিচ্ছে হাই কোর্ট।
শুক্রবার তালিকা প্রকাশের সম্ভাবনা, আইনশৃঙ্খলা খতিয়ে দেখতে হাই কোর্টের উদ্যোগ