Skip to content

অষ্টম পে কমিশনে বড় সুখবর? ন্যূনতম বেতন ₹৬৯,০০০ করার দাবি, নজরে কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবরের ইঙ্গিত। অষ্টম পে কমিশনকে ঘিরে দীর্ঘ প্রতীক্ষার মাঝেই শ্রমিক সংগঠনগুলির ছাতাসংস্থা NC-JCM তাদের চূড়ান্ত স্মারকলিপি জমা দিয়েছে। সেখানে ন্যূনতম মূল বেতন ₹৬৯,০০০, ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ এবং বার্ষিক ইনক্রিমেন্ট ৬% করার জোরালো দাবি তোলা হয়েছে।সূত্রের খবর, কর্মচারী সংগঠনগুলির দাবি অনুযায়ী বর্তমানে যাঁদের বেসিক পে ₹১৮,০০০, অষ্টম পে কমিশনে তা বেড়ে সরাসরি ₹৬৯,০০০ হতে পারে। এই হিসাব করা হয়েছে ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে। এর আগে জল্পনা ছিল, ফ্যাক্টর ২.৮৬ হলে বেসিক বেতন প্রায় ₹৫১,৪৮০ হতে পারে। কিন্তু নতুন স্মারকলিপিতে দাবি আরও অনেকটাই বেশি।শ্রমিক সংগঠনগুলির বক্তব্য, লাগাতার মূল্যবৃদ্ধি, পরিবারের খরচ বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার কথা মাথায় রেখেই এই সুপারিশ করা হয়েছে। শুধু বেতন নয়, পুরনো পেনশন স্কিম (OPS) ফিরিয়ে আনা, ন্যূনতম HRA ৩০%, পাঁচ বছরে একবার পেনশন রিভিশন, এবং ৩০ বছরের চাকরিতে অন্তত পাঁচটি প্রমোশন-এর দাবিও স্মারকলিপিতে রয়েছে।দেশের প্রায় ৫০.১৪ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৯ লাখ পেনশনভোগী এখন কেন্দ্রের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে। কর্মচারী মহলের আশা ছিল, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই অষ্টম পে কমিশন কার্যকর হবে। কিন্তু এপ্রিল মাঝামাঝি পৌঁছে গেলেও কেন্দ্র এখনও বাস্তবায়নের নির্দিষ্ট দিন ঘোষণা করেনি। এই বিলম্ব ঘিরে কর্মচারীদের মধ্যে বাড়ছে জল্পনা ও উদ্বেগ।সরকারি সূত্রে ইঙ্গিত, কমিশনের টার্মস অফ রেফারেন্স প্রকাশিত হলেও সুপারিশগুলি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও সময় লাগতে পারে। ফলে কর্মচারীদের বড় প্রশ্ন—কবে থেকে হাতে আসবে নতুন বেতন স্কেল, আর মিলবে কি বকেয়া (arrears)? আপাতত সেই উত্তরই খুঁজছে গোটা কেন্দ্রীয় কর্মচারী মহল।

Latest