খাবারে স্বাদ, তৈরিতে স্বচ্ছতা—খড়গপুরের রাজবাড়িতে নতুন নজির!

খাবারে স্বাদ, তৈরিতে স্বচ্ছতা—খড়গপুরের রাজবাড়িতে নতুন নজির!

অরিন্দম চক্রবর্তী : খাবার তৈরির প্রক্রিয়া নিয়ে গ্রাহকদের আস্থা ও স্বচ্ছতা আরও বাড়াতে অভিনব উদ্যোগ নিল খড়গপুর শহরের রাজবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রবিবার, ২৭ সেপ্টেম্বর থেকে হোটেলে চালু হল বিশেষ ‘লাইভ ভিউ’ ফিচার পরিষেবা। এই ব্যবস্থার মাধ্যমে নিরাপদ লাইভ লিঙ্ক ব্যবহার করে গ্রাহকরা তাঁদের অর্ডার করা খাবার কীভাবে প্রস্তুত করা হচ্ছে, তা সরাসরি দেখতে পারবেন বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে।

হোটেল কর্তৃপক্ষের দাবি, খাবার তৈরির প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। রান্নাঘরে খাবার প্রস্তুতের সময় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে গ্রাহকদের আস্থা বাড়াতেই এই পরিষেবা চালু করা হয়েছে।এই অভিনব উদ্যোগের সূচনাকে কেন্দ্র করে রবিবার রাজবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে উপস্থিত ছিলেন খড়গপুর শহরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন অভিষেক ঝাঁ, শ্রীনাথ সিনহা, রানা চৌধুরী, কুনাল সরকার, গৌতম দত্ত, অরুণ পাল ও উজ্জ্বল বিশ্বাস-সহ আরও অনেকে।রাজবাড়ি হোটেলের কর্ণধার শুভম ঘোষ বলেন, “খাবার তৈরির সময় গ্রাহকরা টোটাল ট্রান্সপারেন্সি দেখতে পাবেন।

স্বাস্থ্যের সঙ্গে যাতে কোনওভাবেই আপস না হয়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা। আমার মনে হয়, সারা ভারত তথা বিশ্বের ক্ষেত্রে এটি একটি অভিনব উদ্যোগ। হোটেল শিল্পের বিভিন্ন জায়গায় এই ধরনের ফিচার চালু হোক—এটাই আমার কামনা।”

হোটেল কর্তৃপক্ষের এই উদ্যোগের ফলে গ্রাহকরা খাবারের গুণমান, পরিচ্ছন্নতা এবং প্রস্তুত প্রক্রিয়া সম্পর্কে আরও প্রত্যক্ষ ধারণা পাওয়ার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। খাবার পরিবেশনের পাশাপাশি খাবার তৈরির প্রক্রিয়াকেও গ্রাহকের নজরের মধ্যে আনার এই উদ্যোগ খড়গপুরের হোটেল ব্যবসায় নতুন মাত্রা যোগ করল।