সুব্রত কাপে বাংলার বিজয়ধ্বজা, চ্যাম্পিয়ন ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ

সুব্রত কাপে বাংলার বিজয়ধ্বজা, চ্যাম্পিয়ন ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ

নিজস্ব সংবাদদাতা:৬৫তম সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর সাব-জুনিয়র বয়েজ (অনূর্ধ্ব-১৫) বিভাগে চ্যাম্পিয়ন হয়ে বাংলার মুখ উজ্জ্বল করল ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ।৯ সেপ্টেম্বর বেঙ্গালুরুর এয়ার ফোর্স স্টেশন জালাহল্লির ETI-র সুব্রত ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে অসমের কামরূপ মেট্রোপলিটন সিনিয়র সেকেন্ডারি স্কুলকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা ছিনিয়ে নেয় বাংলার তরুণ ফুটবলাররা।গ্রুপ পর্বের লড়াই পেরিয়ে নকআউট পর্বে একের পর এক বাধা অতিক্রম করে ফাইনালে জায়গা করে নেয় ঝাড়গ্রামের দল। শেষ ম্যাচে অসমের শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে তাদের হাতে ওঠে ৬৫তম সুব্রত কাপের চ্যাম্পিয়ন ট্রফি।

ফাইনালের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ম্যাচের প্রথমার্ধে দু’দলের কেউই গোলের মুখ খুলতে পারেনি। গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে অবশ্য আক্রমণের ঝাঁঝ বাড়ায় মানিকপাড়ার ছেলেরা। ম্যাচের ৪৩ মিনিটে চুটুরামের পা থেকে আসে সেই কাঙ্ক্ষিত গোল। এরপর অসমের দল একাধিকবার সমতা ফেরানোর চেষ্টা করলেও মানিকপাড়ার রক্ষণভাগের দৃঢ়তার সামনে তা সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে বাংলার দল। উল্লেখ্য, সেমিফাইনালে পাঞ্জাবের মোহালির মিনার্ভা পাবলিক স্কুলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল কোচ নন্দদুলাল ভৌমিকের প্রশিক্ষণাধীন মানিকপাড়া বিবেকানন্দ  বিদ্যাপীঠের তরুণ ফুটবলাররা। এই ঐতিহাসিক সাফল্যে ঝাড়গ্রাম তথা গোটা পশ্চিমবঙ্গে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।অনূর্ধ্ব-১৫ বিভাগের এই তরুণ ফুটবলারদের দুরন্ত পারফরম্যান্স প্রমাণ করে দিল—সুযোগ ও সঠিক প্রশিক্ষণ পেলে জঙ্গলমহলের প্রতিভারাও দেশের বড় মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে পারে। আগামী দিনে বাংলার ফুটবলের জন্য নতুন আশার আলো দেখাচ্ছে বলেই মনে করছে ক্রীড়ামহল।