নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ অগ্নিকাণ্ড—মধ্যপ্রদেশের ইনদওর শহরে। মৃত্যু হয় ৯ জনের। বুধবার ভোরে মধ্যপ্রদেশের ইনদওরের বেঙ্গলি স্কোয়ার সংলগ্ন গ্রেটার ব্রিজেশ্বরী কলোনির একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক অনুমান, বহুতলের নীচে একটি বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে গাড়িতে আগুন ধরে যায় এবং সেখান থেকে তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন বাড়ির ভিতরে থাকা গ্যাস সিলিন্ডারগুলি একের পর এক বিস্ফোরিত হতে শুরু করে। স্থানীয়দের বক্তব্য, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের বহু মানুষের ঘুম ভেঙে যায়। আগুনের তাপে ভবনের একাংশ ভেঙেও পড়ে।এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাড়ির মালিক মনোজ পুগালিয়া, তাঁর পুত্রবধূ এবং বিহার থেকে আসা ছ’জন আত্মীয়। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম অন্তত চারজন। দমকলের একাধিক ইঞ্জিন দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়ায় বহুতলের ডিজিটাল লক ব্যবস্থা। আগুন লাগার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় লক কাজ করা বন্ধ করে দেয়, ফলে অনেক বাসিন্দাই ভিতরে আটকে পড়েন বলে জানা গিয়েছে।
ই-গাড়ির চার্জিং পয়েন্টে বিস্ফোরণ থেকে ভয়াবহ আগুন! ইনদওরে ৯ মৃত