নারায়ণ চন্দ্র নায়ক: উচ্ছেদের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে গণ কনভেনশন ও মিছিলের মাধ্যমে প্রতিবাদে সামিল হলেন মেচেদার পথিপার্শ্বস্থ দোকানদাররা। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচেদার পথসাথী গেস্ট হাউসে অনুষ্ঠিত হয় এই গণ কনভেনশন। এতে শতাধিক দোকানদার উপস্থিত ছিলেন। দোকানদারদের অভিযোগ, নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন এলাকায় পথিপার্শ্বস্থ দোকানগুলিতে বুলডোজার অভিযান চালিয়ে উচ্ছেদ করা হচ্ছে। সেই পরিস্থিতির জেরেই মেচেদার ব্যবসায়ীদের মধ্যেও চরম উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে এই ব্যবসার উপর নির্ভর করে বহু পরিবারের জীবিকা নির্বাহ হলেও, পুনর্বাসনের কোনও স্পষ্ট রূপরেখা না থাকায় তাঁরা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। গণ কনভেনশনে বক্তারা বলেন, জীবিকা কেড়ে নেওয়ার আগে বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করা প্রশাসনের দায়িত্ব। পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়া কোনওভাবেই দোকান উচ্ছেদ মেনে নেওয়া হবে না। জানা যায়,এই দাবিকে সামনে রেখে সংগঠিত আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, পুনর্বাসনের ব্যবস্থা না করে যাতে কোনও দোকান উচ্ছেদ না করা হয়, সেই দাবিতে প্রশাসনের সংশ্লিষ্ট সমস্ত দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হবে। গণ কনভেনশন শেষে শতাধিক দোকানদার মেচেদা বাজার এলাকায় একটি প্রতিবাদ মিছিল করেন। মিছিলে পুনর্বাসনের দাবি এবং জীবিকা রক্ষার বিভিন্ন স্লোগান ওঠে।
