নিজস্ব সংবাদদাতা: বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলো পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। ফুটবলপ্রেমীদের নজর থাকবে দুই তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি ও মোহামেদ সালাহর দিকে। দুই দলের লড়াইকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে ওঠে আর্জেন্টিনা। এরপর রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

অন্যদিকে, গ্রুপ পর্বে বেলজিয়াম ও ইরানের সঙ্গে ড্র এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের সুবাদে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে মিশর। রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতা থাকার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব অতিক্রম করে আফ্রিকার এই দল।

দুই দলই আগের ম্যাচে দীর্ঘ সময় মাঠে থাকায় খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময় খেলতে হয়েছে আর্জেন্টিনাকে, অন্যদিকে মিশরকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২০ মিনিটের লড়াই শেষে টাইব্রেকারে জয় পেতে হয়েছে। ম্যাচ শেষে মেসি নিজেও ক্লান্তির কথা স্বীকার করেছিলেন এবং দলের উচ্চ প্রেসিংয়ে ঘাটতির বিষয়টি উল্লেখ করেন। যদি মিশর আর্জেন্টিনাকে হারাতে পারে, তবে তারা ক্যামেরুন, সেনেগাল, ঘানা ও মরক্কোর পর পঞ্চম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করবে।

চলতি বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড় জমে উঠেছে। মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হালান্ড—তিনজনেরই গোলসংখ্যা সমান সাত। তবে দুইটি অ্যাসিস্টের সুবাদে তালিকার শীর্ষে রয়েছেন এমবাপ্পে। মিশরের বিপক্ষে মেসি গোল করতে পারলে তিনি এককভাবে গোল্ডেন বুটের শীর্ষে উঠে যাবেন। পাশাপাশি, এক আসরে আর্জেন্টিনার হয়ে আট গোল করার কীর্তিতে গিয়ের্মো স্টাবিলের পাশে নিজের নাম লেখানোর সুযোগও থাকবে তার।মিশরের আক্রমণের মূল ভরসা মোহামেদ সালাহ। তবে হ্যামস্ট্রিং সমস্যার কারণে তার পূর্ণ ফিটনেস নিয়ে কিছুটা সংশয় রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তাকে অনেক সময় পূর্ণ গতিতে দৌড়াতে দেখা যায়নি। আর্জেন্টিনার বিপক্ষেও মিশর শক্তিশালী রক্ষণ এবং সালাহ ও ওমর মারমুশকে সামনে রেখে পাল্টা আক্রমণের কৌশল নিতে পারে। বিশ্বকাপের এই বহুল প্রতীক্ষিত লড়াইয়ে অভিজ্ঞতা, তারকাখ্যাতি এবং ইতিহাস গড়ার স্বপ্ন—সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক রোমাঞ্চকর মহারণ।
