নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বুধবার (১ জুলাই, ২০২৬) অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি মেদিনীপুর পৌরসভা এলাকার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টেও সরাসরি আর্থিক সহায়তার অর্থ পাঠানো হয়।

এই প্রকল্পের আওতায় মেদিনীপুর পৌরসভা এলাকার প্রায় ১৩ হাজার মহিলা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) পদ্ধতিতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, এই সহায়তা উপভোক্তাদের দৈনন্দিন জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তাঁদের আর্থিক স্বনির্ভরতায় সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক, অন্নপূর্ণা যোজনার জেলা নোডাল অফিসার, ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর, বিধায়কের প্রতিনিধি, মেদিনীপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, ফিন্যান্স অফিসার, পৌরসভার কাউন্সিলরবৃন্দ এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং উপভোক্তাদের উদ্দেশ্যে সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানানো হয়।মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সকল উপভোক্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।