প্রয়াত ‘মেদিনীপুর টাইমস’-এর সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তী, শোকের ছায়া সাংবাদিক মহলে!
নিজস্ব সংবাদদাতা : গভীর শোকের ছায়া সাংবাদিক মহলে। প্রয়াত হলেন ‘বিপ্লবী মেদিনীপুর টাইমস’ পত্রিকার সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তী। রবিবার, ১৮ অক্টোবর , সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৪ অক্টোবর মেদিনীপুরের বাড়িতে প্রথমবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। মেদিনীপুরে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার রুবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাঁর শরীরে অস্ত্রোপচার করে স্টেন্ট বসানো হয়েছিল। রবিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই ফের হৃদরোগে আক্রান্ত হন তিনি। শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।তাঁর প্রয়াণে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। তাঁর মৃত্যুতে সাংবাদিকতা জগতের এক পরিচিত মুখকে হারানোর বেদনা ছড়িয়ে পড়েছে।প্রয়াত তারাশঙ্কর চক্রবর্তীর পরিবার, পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা।