নিজস্ব সংবাদদাতা :দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম সাইফুল মোল্লা। পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পনা করেই খুন করা হয়েছে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে বিষ্ণুপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের মতো বাড়ি থেকে বেরিয়েছিলেন সাইফুল। এরপর রাতভর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলেও তাঁর কোনও সন্ধান মেলেনি। বুধবার ভোররাতে এলাকার বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের দাদা সংবাদমাধ্যমকে জানান,“প্ল্যান করে আমার ভাইকে মেরেছে। ওরা ভাইয়ের থেকে ২ লক্ষ টাকা তুলে নেশা করছে। কালকে সকালে মাছ বিক্রির টাকা ছিল। সেই সময় এলাকার কয়েকজন ওকে বলেছিল মেরে ফেলে দেবে। আসলে ও লোন নিয়ে ছিল ওদের থেকে। সেটা মেটাতে পারেনি। সুদ অনেক বেশি চাইছিল। ভাই চেষ্টা করছিল মেটানোর। সেই নিয়েই ঝামেলা। ইদের একদিন আগে থেকে অশান্তি পৌঁছয় চরমে। তখনই এই পরিস্থিতি তৈরি হয়। আমার ভাইকে পাশের বাড়ির লোকজনই মেরে ফেলেছে।” যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর মেলেনি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। পাশাপাশি পরিবারের অভিযোগের ভিত্তিতে সম্ভাব্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এলাকাবাসীর একাংশের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। বিষ্ণুপুরের এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
বিষ্ণুপুরে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে খুনের অভিযোগ!