Skip to content

দিল্লিতে বাংলার ঝড়! জাতীয় স্কুল গেমসে টেবিল টেনিসে সোনায় মোড়া সাফল্য, দাপট দেখাল পঞ্চকন্যা!

নিজস্ব সংবাদদাতা : দিল্লির থ্যাগরাজ স্পোর্টস কমপ্লেক্স-এ অনুষ্ঠিত ৬৯তম জাতীয় স্কুল গেমসে টেবিল টেনিসে দুরন্ত সাফল্য পেল বাংলা। অনূর্ধ্ব-১৪ বালিকাদের দলগত বিভাগে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ফের একবার জাতীয় চ্যাম্পিয়নের মুকুট জিতল বাংলার মেয়েরা।১৯ এপ্রিলের এই প্রতিযোগিতায় শুরু থেকেই আধিপত্য বজায় রাখে বঙ্গ দল। একের পর এক ম্যাচে প্রতিপক্ষকে পরাস্ত করে ফাইনালে পৌঁছে যায় তারা। প্রি-কোয়ার্টার ফাইনালে দিল্লিকে ৩-১ সেটে হারানোর পর কোয়ার্টার ফাইনালে অন্ধ্র প্রদেশকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয়। সেমিফাইনালেও একই ছন্দ—CBSE-কে ৩-০ সেটে হারিয়ে ফাইনালে প্রবেশ।ফাইনালে মহারাষ্ট্রের বিরুদ্ধে কার্যত একতরফা ম্যাচে ৩-০ সেটে জয় ছিনিয়ে নিয়ে জাতীয় স্তরে নিজেদের সেরা প্রমাণ করে বাংলার কন্যারা। এই জয়ের মাধ্যমে আবারও দেশের মঞ্চে শক্তিশালী উপস্থিতি জানান দিল বাংলা।

এই বিজয়ী দলের সদস্যরা হলেন— উত্তর ২৪ পরগনার সারিকা সাহিদ (ভবনস গঙ্গাবুক্স কোনোরিয়া বিদ্যামন্দির, সপ্তম শ্রেণি) এবং পরিধি রায় (বারাসাত গার্লস হাই স্কুল, ষষ্ঠ শ্রেণি)। কলকাতার দীপ্তি দাস (শিক্ষা নিকেতন ফর গার্লস, ষষ্ঠ শ্রেণি)।
হুগলির শরণ্যা কর (আদিত্য বিড়লা বাণী ভারতী, সপ্তম শ্রেণি) এবং তিতাস চ্যাটার্জি (মাদার ইন্টারন্যাশনাল স্কুল, ষষ্ঠ শ্রেণি)।

দলের এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বসিত ক্রীড়ামহল। বাংলার ‘পঞ্চকন্যা’-র এই জয় টেবিল টেনিস জগতে নতুন আশার আলো জাগিয়েছে।এছাড়াও ব্যক্তিগত বিভাগেও উজ্জ্বল সাফল্য এসেছে বাংলার ঝুলিতে। উত্তর কলকাতার যাদবপুর বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র হিমন কুমার মণ্ডল বালক এককে স্বর্ণপদক জিতেছে। ফাইনালে হরিয়ানার প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হারিয়ে সেরা হয়েছে সে।অন্যদিকে বালিকা এককে তিতাস চ্যাটার্জি রৌপ্য পদক অর্জন করেছে। ফাইনালে তামিলনাড়ুর প্রতিপক্ষের কাছে ৩-২ সেটে লড়াই করে হার মানতে হলেও তার পারফরম্যান্স প্রশংসনীয়।বাংলা দলের কোচ শ্রেয়সী সুর ও সুমিত মুখার্জী-র তত্ত্বাবধানে এই সাফল্য এসেছে। দলের জেনারেল ম্যানেজার হিসেবে ছিলেন হরেকৃষ্ণ দাস। সব মিলিয়ে, দিল্লির মাটিতে বাংলার এই দুর্দান্ত সাফল্য কেবল পদক জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়—এটি ভবিষ্যতের বড় মঞ্চের জন্য এক শক্ত বার্তা।

Latest