নিজস্ব সংবাদদাতা : শনিবার ৫ই জুলাই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের নবীন বরণ উৎসব–২০২৬ এবং ড. শ্যামাপ্রসাদ মুখার্জী স্মরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যের মন্ত্রী অশোক দিন্ডা। অনুষ্ঠানে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতির আবরণ উন্মোচন করা হয়। পাশাপাশি বিদ্যালয়ে ডিজিটাল বায়োমেট্রিক উপস্থিতি (Attendance) ব্যবস্থা-রও আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তোলার এই উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত সকলেই।

এদিন বক্তব্য রাখতে গিয়ে অশোক দিন্ডা বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি নবাগত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, "নিষ্ঠা, পরিশ্রম ও আদর্শই জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। তোমাদের অধ্যবসায় ও মূল্যবোধই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে।"

তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়নে শিক্ষিত, সচেতন ও আত্মনির্ভর নাগরিক তৈরিতে বিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।