Skip to content

ব্রাজিলের প্রাথমিক দলে নেমার !

নেমার জুনিয়র।

নিজস্ব সংবাদদাতা : ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল ব্রাজিল। নতুন কোচ কার্লো আনচেলোত্তি ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। সেই দলে জায়গা পেয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেমার জুনিয়র। তবে চূড়ান্ত বিশ্বকাপ দলে সুযোগ পেতে গেলে এখনও কঠিন লড়াই বাকি তাঁর সামনে। দীর্ঘদিন চোট এবং ফিটনেস সমস্যায় ভুগেছেন নেমার। জাতীয় দলের জার্সিতে শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২০২৩ সালে। এরপর একাধিক বিতর্ক ও অনিয়মিত পারফরম্যান্সের কারণে জাতীয় দলে তাঁর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছিল। নতুন কোচ আনচেলোত্তি দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েকটি ম্যাচে নেমারকে দলে না রাখায় সেই জল্পনা আরও বেড়ে যায়। তবে সম্প্রতি নিজের পুরনো ক্লাব স্যান্টোস-এ ফিরে ভালো ছন্দে রয়েছেন নেমার। শেষ ১২টি ম্যাচে পাঁচটি গোল করার পাশাপাশি তিনটি গোলে সহায়তা করেছেন তিনি। বর্তমানে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় খেলছেন এবং দলের আক্রমণ গড়ে তোলার কাজও করছেন দক্ষতার সঙ্গে। এই পারফরম্যান্সের ভিত্তিতেই তাঁকে প্রাথমিক দলে সুযোগ দিয়েছেন আনচেলোত্তি। তবে ব্রাজিল কোচ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, শুধুমাত্র নাম বা জনপ্রিয়তার ভিত্তিতে কাউকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখা হবে না। ফর্ম, ফিটনেস এবং ধারাবাহিক পারফরম্যান্সই হবে নির্বাচনের প্রধান মাপকাঠি। ফুটবল মহলের মতে, নেমার যদি আগামী কয়েক মাস নিজের ফিটনেস ধরে রাখতে পারেন, তা হলে বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম ভরসা হয়ে উঠতে পারেন তিনি। অভিজ্ঞতা এবং ম্যাচ জেতানোর ক্ষমতা এখনও তাঁর বড় শক্তি। এদিকে প্রাথমিক দলে ব্রাজিলের প্রায় সব তারকা ফুটবলারই জায়গা পেয়েছেন। তবে বাদ পড়েছেন তরুণ উইঙ্গার এস্তাভো। চেলসি-র এই ফুটবলার সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেড-এর বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান। ফলে বিশ্বকাপের আগে তাঁর সুস্থ হয়ে ওঠা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Latest