অভিজিৎ সাহা : কলকাতাকে লক্ষ্য করে পাকিস্তানের হুমকি ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এই ইস্যুতে প্রথমেই সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, পাকিস্তানের এমন মন্তব্যের পরও কেন কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব নীরব।
এরপরই মঙ্গলবার বারাকপুরের মাটি থেকে কড়া জবাব দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।তিনি সরাসরি পাকিস্তানকে ১৯৭১ সালের কথা স্মরণ করিয়ে বলেন,“বাংলার দিকে তাকানোর ফল কী হতে পারে, তার ইতিহাস ওদের জানা উচিত। একবার সেই ভুল করেছিল, তার ফলেই পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হয়েছিল। আবার যদি সেই সাহস দেখায়, ভবিষ্যৎ আরও ভয়াবহ হতে পারে।”প্রসঙ্গত, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী Khawaja Asif সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত কোনও পদক্ষেপ করলে সংঘাত সীমান্তে থেমে থাকবে না, বরং ভারতের অভ্যন্তরে—কলকাতা পর্যন্ত পৌঁছতে পারে।এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,“কলকাতাকে নিশানা করার কথা আমরা মেনে নেব না। কেন্দ্র কেন চুপ, তার জবাব চাই। প্রয়োজন হলে তদন্ত হোক।”রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আবহে এই ইস্যু কেন্দ্র-রাজ্য সম্পর্কের টানাপোড়েনকে আরও বাড়িয়ে তুলতে পারে, পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিয়েও নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।