Skip to content

কলকাতাকে নিশানা করার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, বাড়ছে উদ্বেগ!

নিজস্ব সংবাদদাতা : গত বছরের সংঘাতের স্মৃতি আবার উসকে দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ এ বার সরাসরি কলকাতাকে নিশানা করার হুমকি দিয়েছেন। শনিবার শিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ভবিষ্যতে ভারতের সঙ্গে কোনও সংঘাত তৈরি হলে তা আর সীমান্ত এলাকাতেই সীমাবদ্ধ থাকবে না; বরং কলকাতার মতো দেশের অভ্যন্তরের গুরুত্বপূর্ণ শহরগুলিও লক্ষ্যবস্তু হতে পারে।কিন্তু কেন কলকাতা? এই প্রশ্নের জবাবে আসিফ দাবি করেন, ভারত নাকি ফের একটি ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন বা সাজানো হামলার পরিকল্পনা করছে। তাঁর অভিযোগ, ভারত নিজেদের নাগরিক কিংবা হেফাজতে থাকা পাকিস্তানিদের ব্যবহার করে নাশকতার নাটক সাজাতে পারে। এমনকি, কোনও মৃতদেহ গোপনে ফেলে রেখে সেটিকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে প্রচারের চেষ্টাও হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। যদিও এই গুরুতর অভিযোগের পক্ষে তিনি কোনও প্রমাণ তুলে ধরেননি।আসিফ আরও বলেন, “ইনশাল্লাহ, যদি তারা এ ধরনের কোনও পদক্ষেপ নেয়, তবে গত বছরের থেকেও বড় অপমানের মুখে পড়বে। এবারের লড়াই ২০০-২৫০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা ভারতের ভেতরে ঢুকে আঘাত হানব, এবং তা কলকাতা পর্যন্ত পৌঁছাতে পারে।”শুধু কলকাতাই নয়, সম্ভাব্য সংঘাত আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি, যা সামগ্রিকভাবে পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।এদিকে, সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, এপ্রিল মাসেই পাকিস্তানে একাধিক হামলার সম্ভাবনা রয়েছে, যা পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মাধ্যমে ঘটানো হতে পারে। অভিযোগ, এই হামলার দায়ভার ভারতের ওপর চাপানোর পরিকল্পনাও থাকতে পারে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মহলে সমর্থন আদায় বা কূটনৈতিক সুবিধা পাওয়ার উদ্দেশ্যেই এমন ‘মিথ্যা হামলা’র আশ্রয় নেওয়া হতে পারে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের তরফে ভারতের উদ্দেশে নতুন করে হুঁশিয়ারি ঘিরে বাড়ছে উদ্বেগ।

Latest