Skip to content

মেদিনীপুর মেডিকেল কলেজে মর্যাদার সঙ্গে পালিত জাতীয় চিকিৎসক দিবস, উন্মোচন হল ডা. বিধানচন্দ্র রায়ের মূর্তি!

সেখ ওয়ারেশ আলী : জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে শ্রদ্ধা, সম্মান এবং কৃতজ্ঞতার আবহে পালিত হল বিশেষ অনুষ্ঠান।

এদিন চিকিৎসা জগতে অসামান্য অবদানের জন্য প্রখ্যাত চিকিৎসক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়-কে স্মরণ করা হয় এবং সমাজের প্রতি চিকিৎসকদের অবদানের স্বীকৃতি জানিয়ে তাঁদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা, মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষা ডা. মৌসুমী নন্দী, মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাই,মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা.সৌম্য শংকর সড়ঙ্গী, হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। ১৮৮২ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেছিলেন ডা. বিধানচন্দ্র রায়। ১৯৬২ সালের একই দিনে, নিজের ৮০তম জন্মদিনেই তিনি প্রয়াত হন। তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকীকে স্মরণ করে প্রতিবছর ১ জুলাই সারা দেশে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়।

এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রধান প্রবেশদ্বারের সামনে ডা. বিধানচন্দ্র রায়ের মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন।

পাশাপাশি হাসপাতালের চিকিৎসকদের ফুল, উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়। বক্তারা চিকিৎসকদের নিষ্ঠা, মানবিকতা এবং জনস্বাস্থ্যে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, চিকিৎসকরা প্রতিনিয়ত মানুষের জীবন রক্ষায় যে নিষ্ঠা ও আত্মত্যাগের পরিচয় দেন, জাতীয় চিকিৎসক দিবস সেই অবদানকে সম্মান জানানোরই একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

Latest