'ক্যারাটে গড়ে তোলে আত্মবিশ্বাস ও আত্মরক্ষার দক্ষতা'— মেদিনীপুরে অনুষ্ঠানে বিধায়ক শংকর গুছাইত!

'ক্যারাটে গড়ে তোলে আত্মবিশ্বাস ও আত্মরক্ষার দক্ষতা'— মেদিনীপুরে অনুষ্ঠানে বিধায়ক শংকর গুছাইত!

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর ক্যারাটে ইনস্টিটিউট এবং অ্যাডভান্স ক্যারাটে অ্যাকাডেমি-র যৌথ উদ্যোগে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হলো একদিনের ইনস্ট্রাক্টরস ক্যাম্প। এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং ভিন্ন রাজ্য থেকে আগত ক্যারাটে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে ৮১তম বেল্ট গ্রেডেশন টেস্টের পাশাপাশি ব্ল্যাক বেল্ট আপগ্রেড সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও ক্যারাটে ক্ষেত্রে বিশেষ দক্ষতার স্বীকৃতিস্বরূপ সংস্থার ২৩ জন প্রশিক্ষণার্থীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। মেদিনীপুর শহরের একটি লজে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সংস্থার কর্মকর্তারা তাঁদের হাতে পুরস্কার তুলে দেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক শংকর কুমার গুছাইত। এছাড়াও উপস্থিত ছিলেন এসডিএ-র সেক্রেটারি শক্তি মিত্র-সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি।

আয়োজকদের বক্তব্য, বর্তমান সময়ে শুধুমাত্র পড়াশোনা নয়, শারীরিক সক্ষমতা ও আত্মরক্ষার দক্ষতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ-তরুণীদের নানা ধরনের সামাজিক পরিস্থিতি ও বিপদের সময় আত্মরক্ষায় সক্ষম করে তুলতেই এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। ক্যারাটে শুধু একটি ক্রীড়া নয়, এটি আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং আত্মনির্ভরতারও শিক্ষা দেয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শংকর কুমার গুছাইত বলেন, "এই ধরনের সংগঠন যত বেশি এগিয়ে আসবে, সমাজ ততই সুস্থ ও শক্তিশালী হবে। ক্যারাটে প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীরা যেমন শারীরিকভাবে সক্ষম হয়ে উঠবে, তেমনই প্রয়োজনে আত্মরক্ষার কৌশলও রপ্ত করতে পারবে।"