তুহিন কান্তি দাস : জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হল বেলদায়। বুধবার নারায়ণগড় বিধানসভার বিধায়ক রমাপ্রসাদ গিরির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ব্লকের একাধিক চিকিৎসককে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসক, ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং এলাকার বিশিষ্ট চিকিৎসকদের ফুল, উত্তরীয় ও স্মারক প্রদান করে সম্মানিত করা হয়। পাশাপাশি চিকিৎসা পরিষেবায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে বেলদার প্রবীণ চিকিৎসক ডা. যোগেন্দ্রনাথ বেরা-কে বিশেষ সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলদা-২ গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান গৌরিশঙ্কর অধিকারী-সহ প্রশাসনের প্রতিনিধি, স্বাস্থ্য দফতরের আধিকারিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।এদিন বিধায়ক রমাপ্রসাদ গিরি বলেন, "চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় প্রতিদিন নিষ্ঠা, মানবিকতা ও আত্মত্যাগের সঙ্গে কাজ করে চলেছেন। তাঁদের এই অমূল্য অবদানের প্রতি সম্মান জানাতেই জাতীয় চিকিৎসক দিবসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমাজের প্রতি তাঁদের সেবার জন্য আমরা কৃতজ্ঞ।"

চিকিৎসকদের সম্মান জানিয়ে আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত চিকিৎসক ও অতিথিদের মধ্যে আন্তরিকতার পরিবেশ তৈরি হয়। সমাজে চিকিৎসকদের অবদানকে স্মরণ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়েই পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস।