Skip to content

নিরাপত্তাহীনতা, অপরিচ্ছন্ন পরিবেশ, কর্মী সংকট— ডিগ্রি টিবি হাসপাতাল ঘুরে দেখলেন বিধায়ক!

অভিজিৎ সাহা : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড সংলগ্ন এলাকায় অবস্থিত ঐতিহাসিক টিবি হাসপাতাল স্যানাটোরিয়াম ডিগ্রি (MR Bangur TB Sanatorium)। দীর্ঘদিন ধরে অব্যবস্থা, পরিকাঠামোর বেহাল দশা এবং নিরাপত্তাহীনতার অভিযোগকে কেন্দ্র করে সরেজমিনে পরিদর্শনে গেলেন শালবনি বিধানসভার বিধায়ক বিমান মাহাতো।

তাঁর সঙ্গে ছিলেন চন্দ্রকোনা রোড বিট হাউসের আইসি অনুপ ভট্টাচার্য। পরিদর্শনের সময় বিধায়ক হাসপাতালের সুপার, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, রোগী এবং তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলে হাসপাতালের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। হাসপাতালের পরিকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা এবং রোগী পরিষেবা নিয়ে বিভিন্ন অভিযোগ তাঁর সামনে তুলে ধরা হয়।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, হাসপাতালের সুপার নিয়মিত হাসপাতালে উপস্থিত থাকেন না। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে নানা সমস্যা থাকা সত্ত্বেও সেগুলির স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তবে এই অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সেখানে মাত্র সাতজন রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে নার্সের সংখ্যা ১৯। কর্মীদের একাংশের দাবি, গ্রুপ-ডি কর্মীর তীব্র অভাবের কারণে হাসপাতালের দৈনন্দিন পরিষেবা ব্যাহত হচ্ছে। অভিযোগ, একাধিক বেড জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং হাসপাতালের বিভিন্ন অংশে অপরিষ্কার পরিবেশ লক্ষ্য করা গেছে।

পরিদর্শনের সময় হাসপাতালের একটি ওয়ার্ডে রোগীর বেডের পাশেই কুকুর শুয়ে থাকার দৃশ্যও সামনে আসে, যা পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।স্থানীয়দের আরও অভিযোগ, হাসপাতাল চত্বরে বড় অংশ জঙ্গলাকীর্ণ হয়ে পড়েছে। পরিত্যক্ত ভবন, নার্সিং হোস্টেল এবং স্টাফ কোয়ার্টার থেকে দরজা-জানলা খুলে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি তাঁদের। পাশাপাশি হাসপাতাল চত্বর থেকে মাটি কাটা ও গাছ কেটে বিক্রির অভিযোগও তোলা হয়েছে।

নার্সদের একাংশের অভিযোগ, হাসপাতাল চত্বরে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় তাঁরা আতঙ্কের মধ্যে ডিউটি করেন। তাঁদের আশঙ্কা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।রোগী ও তাঁদের পরিজনেরাও অভিযোগ করেছেন, হাসপাতালে পর্যাপ্ত পরিষেবা ও খাবার সবসময় মিলছে না। নতুন রোগী ভর্তি প্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন কেউ কেউ।

পরিদর্শন শেষে বিধায়ক বিমান মাহাতো বলেন, "সরকারি হাসপাতালের এই ধরনের পরিস্থিতি কাম্য নয়। রোগীদের উন্নত চিকিৎসা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। হাসপাতালের পরিকাঠামো, নিরাপত্তা ও পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে।"

Latest