Skip to content

চার বছর পর বাংলায় ফিরল ১২৫ দিনের কাজ, শ্রমিকদের সঙ্গে কোদাল হাতে মাঠে নামলেন বিধায়ক সুকান্ত দোলুই!

সুমন মন্ডল : দীর্ঘ প্রায় চার বছর পর পশ্চিমবঙ্গে ফের শুরু হল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (মনরেগা)-এর আওতায় ১০০ দিনের কাজ। এই কর্মসূচির পুনরায় সূচনাকে ঘিরে ব্যতিক্রমী ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে কোদাল তুলে নিয়ে মাটি কেটে প্রকল্পের সূচনা করলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই। মঙ্গলবার চন্দ্রকোনা-২ ব্লকের ভগবন্তপুর-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় মাটি কাটার কাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ১২৫ দিনের কাজের পুনরারম্ভ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক শুধু উপস্থিতই ছিলেন না, শ্রমিকদের সঙ্গে মাঠে নেমে নিজেও কোদাল চালিয়ে মাটি কেটে ঝুড়ি ভরেন। পাশাপাশি শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথাও শোনেন। ২০২২ সালের মার্চ মাস থেকে বিভিন্ন অভিযোগ এবং প্রশাসনিক জটিলতার কারণে পশ্চিমবঙ্গে মনরেগা প্রকল্পের কাজ কার্যত বন্ধ ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর কেন্দ্রের অনুমোদনে আবারও এই প্রকল্প চালু হওয়ায় স্বস্তি ফিরেছে বহু গ্রামীণ পরিবারের মধ্যে। প্রকল্প পুনরায় চালু হওয়ায় গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

এদিনের অনুষ্ঠানে প্রশাসনের আধিকারিক, পঞ্চায়েত প্রতিনিধিসহ বহু জব কার্ডধারী শ্রমিক উপস্থিত ছিলেন।বিধায়ক সুকান্ত দোলুই বলেন, "গ্রামীণ মানুষের হাতে কাজ পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম অগ্রাধিকার।

১২৫ দিনের কাজ পুনরায় চালু হওয়ায় একদিকে যেমন গ্রামীণ কর্মসংস্থান বাড়বে, তেমনই এলাকার বিভিন্ন উন্নয়নমূলক পরিকাঠামোর কাজও আরও দ্রুত এগিয়ে যাবে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় সাধারণ মানুষ যে সমস্যার মুখোমুখি হয়েছেন, এই উদ্যোগ সেই সমস্যা অনেকটাই দূর করবে বলে আমরা আশাবাদী।"চার বছর পর মনরেগা প্রকল্পের পুনরারম্ভকে কেন্দ্র করে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। কর্মসংস্থানের পাশাপাশি গ্রামীণ উন্নয়নের কাজও নতুন গতি পাবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Latest