নিজস্ব সংবাদদাতা : ২৫ ফেব্রুয়ারি, বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মিত্রসেনপুর এবং ৬ নম্বর ওয়ার্ডের চাষীমহল এলাকায় দু’টি নতুন উপস্বাস্থ্য কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, স্বাস্থ্য দফতরের আধিকারিক, হেলথ অফিসার, স্বাস্থ্যকর্মী, আশাকর্মী এবং দুই ওয়ার্ডের বহু সাধারণ মানুষ। জানা গিয়েছে, এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলি প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে। আউটডোর পরিষেবা, প্রাথমিক চিকিৎসা, কাউন্সেলিং সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা মিলবে এখানে। প্রতিদিন ডাক্তার ও প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকা উপস্থিত থাকবেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ওয়ার্ডবাসীদের জন্য সম্ভাব্য সমস্ত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ।দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে যাওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, ছোটখাটো শারীরিক সমস্যায় আর দূরে যেতে হবে না।

চেয়ারম্যান প্রতিমা পাত্র জানান, সরকারের লক্ষ্য প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। এই কেন্দ্রগুলি চালু হলে সাধারণ মানুষ প্রাথমিক অসুস্থতাকে আর অবহেলা করবেন না। পাশাপাশি চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল উপরও অনেকটাই চাপ কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।