মোহনপুরে ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষাবিদ ও ইতিহাস গবেষকের হাতে দুর্গোৎসবের উদ্বোধন!

মোহনপুরে ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষাবিদ ও ইতিহাস গবেষকের হাতে দুর্গোৎসবের উদ্বোধন!

নিজস্ব সংবাদদাতা : চারদিকে যখন প্রশাসনিক ব্যক্তিত্বদের হাত ধরে দুর্গাপুজোর উদ্বোধন চলছে, তখন ব্যতিক্রমী উদ্যোগের নজির গড়ল পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ ক্ষুদিরাম ইউথ অ্যাসোসিয়েশন। শিক্ষাবিদ, সমাজকর্মী ও ইতিহাস গবেষকদের উপস্থিতিতে শুভ পঞ্চমীর দিন উদ্বোধন হল সংগঠনের দুর্গোৎসব।১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন প্রতি বছরের মতো এ বছরও সাড়ম্বরে দুর্গাপুজোর আয়োজন করেছে। বৃহস্পতিবার শুভ পঞ্চমীতে ভট্টর কলেজ, দাঁতন (স্বশাসিত)-এর অধ্যক্ষ ড. গিরিধারী পণ্ডা মূল মণ্ডপে ফিতে কেটে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাঁতন মানবকল্যাণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সম্পাদক শুভাশিস মেইকাপ, বিশিষ্ট ইতিহাসবিদ ও গবেষক সন্তু জানা এবং বীরভদ্রপুর হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শিবশঙ্কর সেনাপতি।

পাশাপাশি উপস্থিত ছিলেন বেগুনিয়া ক্ষেত্রমোহন বিদ্যাপীঠ ও মোহনপুর হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংগঠনের সম্পাদক কৌশিক পাহাড়ি ও সভাপতি ড. অটলকৃষ্ণ গিরির উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় উদ্বোধনী অনুষ্ঠান। ধর্মীয় ঐতিহ্য, সাংস্কৃতিক চর্চা ও সমাজসেবাকে একসূত্রে বেঁধে শহীদ ক্ষুদিরাম ইউথ অ্যাসোসিয়েশন মোহনপুরের সামাজিক জীবনে নিজস্ব পরিচিতি তৈরি করেছে।উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের প্রাঙ্গণে অবস্থিত শহীদ ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করেন শুভাশিস মেইকাপ।

অন্যদিকে, ইতিহাসবিদ ও গবেষক সন্তু জানা তাঁর বক্তব্যে দুর্গাপুজোর ঐতিহ্য, মাহাত্ম্য এবং সমাজজীবনে এই উৎসবের গুরুত্ব তুলে ধরেন।দুর্গোৎসবকে কেন্দ্র করে এলাকার দুঃস্থ গ্রামবাসীদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মসূচির। শুধু ধর্মীয় উৎসব পালনই নয়, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে সক্রিয় এই সংগঠন। রক্তদান শিবির আয়োজনের পাশাপাশি ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি, ডেঙ্গু প্রতিরোধ এবং বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তারা।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n