Skip to content

ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ দ্রুত এগিয়ে নিতে উদ্যোগ, আগাম বন্যা মোকাবিলায় প্রশাসনিক বৈঠকে সেচমন্ত্রী!

সুমন মন্ডল : বর্ষা এলেই ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়ে। প্রতিবছরের মতো এবারও যাতে সাধারণ মানুষকে দুর্ভোগের মুখে পড়তে না হয়, সেই লক্ষ্যেই আগাম প্রস্তুতি খতিয়ে দেখতে ঘাটালে প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের সেচমন্ত্রী অরূপ কুমার দাস। সম্প্রতি নতুন সরকার গঠনের পর রাজ্য বাজেটে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়নের জন্য ১,২০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে এই প্রকল্পের কাজ নতুন করে শুরু হওয়ায় আশার আলো দেখছেন ঘাটালবাসী। রবিবার ৫ই জুলাই বৈঠকে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি, নদী ও বাঁধের বর্তমান অবস্থা, জলনিকাশি ব্যবস্থার উন্নয়ন, ত্রাণ ও উদ্ধারকাজের প্রস্তুতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ঘাটাল মাস্টারপ্ল্যানের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন সেচমন্ত্রী অরূপ কুমার দাস, সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা, চন্দ্রকোনা কেন্দ্রের বিধায়ক সুকান্ত দোলুই, ঘাটালের বিধায়ক শীতল কপাট, দাসপুরের বিধায়ক তপন কুমার দত্ত-সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।বৈঠক শেষে সেচমন্ত্রী অরূপ কুমার দাস জানান, আগামী চার বছরের মধ্যে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে রাজ্য সরকার এগোচ্ছে।

প্রকল্প বাস্তবায়নের জন্য যেসব এলাকায় জমির প্রয়োজন হবে, সেখানে দ্রুত জমি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়েও প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। লক্ষ্য একটাই—বর্ষাকালে ঘাটাল মহকুমার মানুষকে যতটা সম্ভব বন্যার দুর্ভোগ থেকে রক্ষা করা এবং দ্রুত ও কার্যকর ত্রাণ ও উদ্ধার ব্যবস্থা নিশ্চিত করা।

Latest