নিজস্ব সংবাদদাতা : খড়্গপুর শহরে এক প্রবীণ মহিলাকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, খড়্গপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের খরিদা নিমগড়িয়া পাটনা এলাকায় ৯০ বছর বয়সী এক বৃদ্ধার উপর শারীরিক নির্যাতন চালানো হয়।ঘটনার জেরে পরিবারেরই আর এক পুত্রবধূ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এলাকাবাসীর ক্ষোভও প্রকাশ্যে আসে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দম্পতিকে আটক করে থানায় নিয়ে যায়। তদন্তের প্রাথমিক পর্যায় শেষে অভিযুক্ত পুত্রবধূকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ জানিয়েছে, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তে সংগৃহীত তথ্যপ্রমাণ এবং আদালতের নির্দেশের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।প্রবীণ নাগরিকদের উপর যেকোনো ধরনের নির্যাতন অত্যন্ত গুরুতর অপরাধ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণ হবে বলে পুলিশ জানিয়েছে।