নিজস্ব সংবাদদাতা : খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রকে ঘিরে ভোটের আবহে রাজনৈতিক পারদ আরও চড়ল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ, দলের প্রার্থী প্রদীপ সরকারকে লক্ষ্য করে বিজেপি নেতা দিলীপ ঘোষ একটি বর্ণবিদ্বেষী ও অবমাননাকর মন্তব্য করেছেন।

এই মন্তব্যকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ঘটনার প্রতিবাদে ২২৪ নম্বর খড়গপুর সদর বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার, খড়গপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, দলীয় কর্মী ও অসংখ্য সমর্থকদের সঙ্গে নিয়ে ১ এপ্রিল, বুধবার শহরের রাজপথে প্রতিবাদ মিছিলে সামিল হন।শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ধরে এই মিছিল এগিয়ে যায়। তৃণমূল নেতৃত্বের দাবি, রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ বা বর্ণবিদ্বেষী মন্তব্য গণতান্ত্রিক রাজনীতিতে কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনাকে কেন্দ্র করে খড়গপুরের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।ভোটের মুখে এই ঘটনাকে ঘিরে খড়গপুর সদর কেন্দ্রের রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হতে চলেছে, তা বলাই বাহুল্য।