লালগড়ে ‘প্রেসিডেন্ট কাপ–২০২৬’: জঙ্গলমহলে ফুটবলের মহাউৎসবে মাতলেন হাজারো দর্শক!
নিজস্ব সংবাদদাতা : জঙ্গলমহলের ফুটবলপ্রেমীদের উৎসাহ-উদ্দীপনায় মুখর হয়ে উঠল লালগড়ের ধরমপুর অঞ্চল সংলগ্ন ভাউদি ফরেস্ট অফিসের মাঠ। ‘জি. গ্রুপ লালগড়’-এর উদ্যোগে আয়োজিত বহুল প্রতীক্ষিত ‘প্রেসিডেন্ট কাপ–২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এই মেগা ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ঝাড়গ্রামসহ পার্শ্ববর্তী এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়।নকআউট ভিত্তিক এই প্রতিযোগিতায় জঙ্গলমহলের বিভিন্ন প্রতিভাবান দলের পাশাপাশি কলকাতা, মেদিনীপুর, নদীয়া এবং প্রতিবেশী রাজ্য ওড়িশার একাধিক শক্তিশালী ফুটবল দল অংশগ্রহণ করে।

টুর্নামেন্ট চলাকালীন ঝাড়গ্রাম ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। দর্শকদের উচ্ছ্বাস ও সমর্থনে প্রতিটি ম্যাচে সৃষ্টি হয় তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং রোমাঞ্চকর পরিবেশ।

টুর্নামেন্টের মর্যাদা আরও বাড়িয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার জেলা সভাপতি তুফান মাহাতো, ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্য সভাপতি ড. দীনেশানন্দ গোস্বামী, ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, শালবনি বিধায়ক বিমান মাহাতো রামগড় পলিটেকনিক কলেজের অধ্যাপক তথা জঙ্গলমহল প্রেস ক্লাবের চেয়ারম্যান পার্থব্রত মাইতি-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। অতিথিদের উপস্থিতি এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হয়।টুর্নামেন্টে বিজয়ী দল এবং বিভিন্ন বিভাগে সেরা পারফর্মারদের হাতে সর্বমোট ৭ লক্ষ ১০ হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হয়।আয়োজকদের আশা, আগামী দিনেও এই ধরনের বৃহৎ ফুটবল প্রতিযোগিতা জঙ্গলমহলের ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে এবং এখানকার প্রতিভাবান ফুটবলারদের বড় মঞ্চে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ করে দেবে।