নিজস্ব সংবাদদাতা : জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে মেদিনীপুর রোটারি আই হাসপাতালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন চিকিৎসকদের সমাজের প্রতি অসামান্য অবদানের স্বীকৃতি জানিয়ে তাঁদের সম্মানিত করা হয় এবং চিকিৎসা পরিষেবায় তাঁদের নিষ্ঠা ও মানবিকতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক ডা. শঙ্কর কুমার গুছাইত, কবি ও লেখিকা রোশেনারা খান, হাসপাতালের চেয়ারম্যান মদন মোহন মাইতি, ডা. ইন্দ্রনীল দেব, সত্যব্রত রায়, শঙ্কর মাইতি , রোটারি ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা চিকিৎসকদের নিরলস সেবা, আত্মত্যাগ এবং মানবিক ভূমিকার প্রশংসা করেন। চিকিৎসকদের হাতে স্মারক ও শুভেচ্ছা তুলে দিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। রোশেনারা খান বলেন, বইটিতে তাঁর জীবনের সংগ্রাম, প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই এবং জীবনের নানা চড়াই-উতরাই অত্যন্ত সহজ-সরল ভাষায় তুলে ধরা হয়েছে। পাশাপাশি সমকালীন সমাজের বাস্তব চিত্র, মানুষের জীবনযাপন এবং সমাজ-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও এই গ্রন্থে স্থান পেয়েছে। তাঁর আশা, বইটি পাঠকদের জীবনের কঠিন সময়ে এগিয়ে চলার প্রেরণা ও সাহস জোগাবে।

উপস্থিত অতিথিরা বলেন, মানুষের জীবন রক্ষায় চিকিৎসকদের অবদান অনস্বীকার্য, আর সেই অবদানকে সম্মান জানাতেই প্রতি বছর জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়।

শ্রদ্ধা, সম্মান এবং কৃতজ্ঞতার আবহে অনুষ্ঠিত এই অনুষ্ঠান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উৎসাহিত করার পাশাপাশি সমাজে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও নতুন করে তুলে ধরে।