সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই শুভ সূচনার মধ্য দিয়ে জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করলেন। বুধবার সকালেই ৮ নম্বর ওয়ার্ডের হবিবপুরে অবস্থিত সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে তিনি নিজের প্রচারাভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন।প্রচার শুরু করার আগে দেবীর আশীর্বাদ নিতে মন্দিরে উপস্থিত হন সুজয় হাজরা।

ভক্তিভরে সিদ্ধেশ্বরী মায়ের চরণে অর্ঘ্য নিবেদন করে তিনি নিজের জয়যাত্রা এবং এলাকার শান্তি-উন্নয়নের জন্য প্রার্থনা জানান। রাজনৈতিক লড়াইয়ের গুরুত্বপূর্ণ মুহূর্তে ধর্মীয় আচার মেনে প্রচার শুরু করার এই পদক্ষেপে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও বাড়তি উৎসাহ দেখা যায়।মন্দিরে পুজো-অর্চনা সেরে বেরিয়েই তিনি শুরু করেন বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা, অভিযোগ এবং প্রত্যাশার কথা মন দিয়ে শোনেন তৃণমূল প্রার্থী।

একইসঙ্গে গত কয়েক বছরে এলাকায় হওয়া উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি আগামী দিনে রাস্তা, পানীয় জল, আলো এবং নাগরিক পরিষেবা আরও উন্নত করার রূপরেখাও মানুষের সামনে তুলে ধরেন।

এই জনসংযোগ কর্মসূচিতে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই হবিবপুর এলাকায় তৃণমূল কর্মীদের ভিড় এবং সাধারণ মানুষের উৎসাহে প্রচারের আবহ আরও জমে ওঠে।

সুজয় হাজরার পাশে থেকে স্থানীয় নেতৃত্বও প্রচারে সক্রিয়ভাবে অংশ নেন।রাজনৈতিক মহলের মতে, মনোনয়ন জমার আগেই সুসংগঠিতভাবে মাঠে নেমে ইতিবাচক বার্তা দেওয়ার কৌশল নিয়েছেন সুজয় হাজরা। ধর্মীয় আবেগ, জনসংযোগ এবং উন্নয়নের প্রতিশ্রুতিকে সামনে রেখে প্রচার শুরুর এই পদক্ষেপ মেদিনীপুরের ভোট রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।