পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–এর সাম্প্রতিক বাজেট বক্তৃতায় যুবসমাজের স্বনির্ভরতার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার পর রাজ্যজুড়ে শুরু হয়েছে একাধিক কর্মসূচি। সেই ধারাবাহিকতায় সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে ১৫ই ফেব্রুয়ারি রবিবার মেদিনীপুর পৌরসভার উদ্যোগে পৌরসভা চত্বরে বসেছে ‘যুব সাথী’ প্রকল্পের বিশেষ ক্যাম্প।এই ক্যাম্পে যোগ্য যুবক–যুবতীদের কাছ থেকে আবেদন গ্রহণ, প্রয়োজনীয় নথি যাচাই এবং অনলাইন রেজিস্ট্রেশনের পূর্ণ সহায়তা দেওয়া হচ্ছে। আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ও ব্যাঙ্ক সংক্রান্ত কাগজপত্রের মাধ্যমে সরাসরি রেজিস্ট্রেশন সম্পন্ন করা হচ্ছে, যাতে আবেদনকারীদের আলাদা করে কোথাও ঘুরতে না হয়।

মহকুমা শাসক মধুমিতা মুখার্জি জানান,এবারের বাজেটে যুব উন্নয়ন ও কর্মসংস্থানের উপর যে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে, এই ক্যাম্প তারই বাস্তব রূপ। তাঁর কথায়, এটা একটা ভালো উদ্যোগ ২১ থেকে ৪০ বছর—বেকার যুব যুবতীরা আর্থিকভাবে পিছিয়ে থাকা, তাদের বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে অসুবিধা হয়ে পড়ে।

তাই মুখ্যমন্ত্রীর এই প্রকল্প যুবক–যুবতীদের পাশে দাঁড়ানো এবং তাদের স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে নতুন উদ্যোগ।”অন্যদিকে, পৌরপ্রধান সৌমেন খান বলেন, মুখ্যমন্ত্রীর ভাবনাকে সামনে রেখেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যাতে মেদিনীপুর পৌরসভার ২৫টি ওয়ার্ডের যুবসমাজ সহজেই প্রকল্পের সুবিধা পান। বিশেষ করে প্রত্যন্ত এলাকার কেউ যেন পিছিয়ে না পড়েন, সেটাই আমাদের মূল লক্ষ্য।”সব মিলিয়ে, ‘যুব সাথী’ প্রকল্পের এই বিশেষ ক্যাম্প মেদিনীপুর শহর ও আশপাশের এলাকার যুবসমাজের কাছে নতুন আশার বার্তা নিয়ে এসেছে—যেখানে এক ছাদের তলায় মিলছে আবেদন, যাচাই ও রেজিস্ট্রেশনের সম্পূর্ণ সুবিধা।