পুলিশকর্মী থেকে পরিবার—বিজয়ার আনন্দে একসঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ!

পুলিশকর্মী থেকে পরিবার—বিজয়ার আনন্দে একসঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে রবিবার, ১ নভেম্বর অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বিজয়া সম্মিলনী ও সম্মাননা অনুষ্ঠান। পুলিশ প্রশাসনের দৈনন্দিন কর্মব্যস্ততা ও গুরুদায়িত্বের বাইরে এদিন এক অন্যরকম পরিবেশে মিলিত হলেন জেলার পুলিশ আধিকারিক, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং তাঁদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। সাধারণত পুলিশের কর্তব্যের পোশাকে যাঁকে দেখা যায়, এদিন বিজয়া সম্মিলনীর মঞ্চে শাড়িতে এক অন্যরকম সাজে ধরা দিলেন তিনি।

তাঁর এই উপস্থিতি অনুষ্ঠানে আগত অতিথিদের পাশাপাশি সমাজমাধ্যমেও বিশেষ নজর কেড়েছে। শাড়িতে পুলিশ সুপারের ছবি ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণ, জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা, রমাপ্রসাদ গিরি,ডক্টর শঙ্কর কুমার গুছাইত, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিস্কু ,পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন তিওয়ারি, ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস, জেলার বিভিন্ন বিধায়ক, পুলিশ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক-সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা পুলিশকর্মীদের অভিবাদন জানান এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করেন।

বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানে তৈরি হয় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও এদিন নতুন করে নজরে আসে।

এই সম্মিলনীর বিশেষ দিক ছিল পুলিশকর্মীদের পরিবারের সদস্যদের উপস্থিতি। শুধু কর্মক্ষেত্রের সহকর্মীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে তাঁদের পরিবারের সদস্যদেরও এই আনন্দের অংশীদার করা হয়।

উপস্থিত পুলিশকর্মী ও তাঁদের পরিবারের জন্য ছিল বিশেষ খাবারের ব্যবস্থা। কর্মব্যস্ততা ও পেশাগত দায়িত্বের বাইরে সহকর্মী এবং তাঁদের পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ করে দেয় জেলা পুলিশের এই উদ্যোগ।

জেলা পুলিশের পক্ষ থেকে মেদিনীপুরের গর্ব, আন্তর্জাতিক সাঁতারু আফরিন জাবিকে সম্মানিত করার মধ্য দিয়ে তাঁর কৃতিত্বকে যথাযোগ্য স্বীকৃতি জানানো হয়।

সব মিলিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময়, সম্মাননা প্রদান এবং পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে সুন্দরভাবে সম্পন্ন হলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বিজয়া সম্মিলনী।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n