বিগ বি-র বাড়ি ‘জলসা’য় নিরাপত্তার কড়াকড়ি, বুলেটপ্রুফ আবরণের আড়ালে রবিবারের সাক্ষাৎ!

বিগ বি-র বাড়ি ‘জলসা’য় নিরাপত্তার কড়াকড়ি, বুলেটপ্রুফ আবরণের আড়ালে রবিবারের সাক্ষাৎ!

নিজস্ব সংবাদদাতা : প্রতি রবিবারের মতো এবারও মুম্বইয়ের জুহুতে নিজের বাসভবন ‘জলসা’-র বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তবে এদিনের দৃশ্য ছিল কিছুটা অন্যরকম। দীর্ঘদিনের পরিচিত প্রথা বজায় রাখলেও এবার কড়া নিরাপত্তার মধ্যে ভক্তদের অভিবাদন জানাতে দেখা গেল ৮৩ বছর বয়সি অভিনেতাকে। তাঁর নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় বিশেষ স্বচ্ছ বুলেটপ্রুফ ঘেরাটোপ।সংবাদ সংস্থা আইএএনএস-এর হাতে আসা ভিডিওতে দেখা গিয়েছে, একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্বচ্ছ বুলেটপ্রুফ আবরণের আড়াল থেকে ভক্তদের দিকে হাত নাড়ছেন অমিতাভ। দূরদূরান্ত থেকে আসা অনুরাগীদের ভালোবাসার জবাব দিতেও ভোলেননি তিনি। এদিন তাঁর পাশে সতর্ক অবস্থানে দেখা যায় ছেলে অভিষেক বচ্চনকেও।জানা গিয়েছে, সম্প্রতি মুম্বইয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান এবং বিশিষ্ট ব্যক্তিদের ঘিরে একটি হুমকি ইমেল সামনে আসার পরই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, ওই হুমকি বার্তায় অমিতাভ বচ্চনের বাসভবন ছাড়াও একটি কনসার্টের স্থান এবং মেয়রের কার্যালয়কে নিশানা করার কথা উল্লেখ ছিল। এরপরই সতর্ক হয় মুম্বই পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলি।এই পরিস্থিতিতে জলসার বাইরে বাড়ানো হয়েছে নিরাপত্তার নজরদারি। বাসভবনের সামনে পুলিশি পাহারা ও ব্যারিকেডের ব্যবস্থাও করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে সেই কড়া নিরাপত্তার ছবিই ধরা পড়েছে।তবে নিরাপত্তার কড়াকড়ির মধ্যেও রবিবারের দীর্ঘদিনের রীতি ভাঙেননি বিগ বি। ভক্তদের সঙ্গে দেখা করে তাঁদের ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। বলিউডের এই কিংবদন্তি অভিনেতার এক ঝলক দেখার জন্য অনুরাগীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n