খড়্গপুরের সাহা চকে ভয়াবহ দুর্ঘটনা, ট্রেলারে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত ১, আহত ১২!

খড়্গপুরের সাহা চকে ভয়াবহ দুর্ঘটনা, ট্রেলারে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত ১, আহত ১২!

সেখ ওয়ারেশ আলী : শুক্রবার ভোরে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের সাহা চকে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি অনুষ্ঠান থেকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ফিরছিলেন যাত্রীবোঝাই একটি পিকআপ ভ্যানের আরোহীরা। গাড়িতে পুরুষ ও মহিলা মিলিয়ে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। শুক্রবার ভোরের দিকে খড়্গপুরের সাহা চকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে সজোরে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি।

সংঘর্ষের তীব্রতায় গাড়ির যাত্রীরা আহত হন।প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, চালকের ঘুম পেয়ে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সবংপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা এক জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে।বিজেপির স্বাস্থ্য সেলের কনভেনর পবিত্র সাহু জানান, দুর্ঘটনায় আহত ১২ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

তাঁদের প্রত্যেকের বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর এলাকায় বলে জানা গিয়েছে।আহতদের দেখতে শুক্রবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যান মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর গুছাই। হাসপাতাল সূত্রে খবর, আহতদের প্রত্যেকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n