সমর্থকদের হাত ধরে বাঁচল পেরুর ঐতিহ্যবাহী ক্লাব...
নিজস্ব সংবাদদাতা: এক সময় দেউলিয়া হওয়ার আশঙ্কায় অস্তিত্ব সংকটে পড়েছিল পেরুর ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব দেপোর্তিভো মিউনিসিপাল। আর্থিক দুরবস্থা, মাঠের হতাশাজনক পারফরম্যান্স এবং রেলিগেশনের ধাক্কায় ভবিষ্যৎ যখন অনিশ্চিত, তখন ব্যতিক্রমী এক উদ্যোগই ক্লাবটিকে নতুন আশার আলো দেখায়। ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি, যা সমর্থকদের কাছে "লা একাডেমিয়া" নামে পরিচিত, চালু করে "১,০০০ স্পন্সর" কর্মসূচি। বড় করপোরেট প্রতিষ্ঠানের পরিবর্তে সাধারণ সমর্থক ও ছোট ব্যবসায়ীদের লক্ষ্য করেই নেওয়া হয় এই উদ্যোগ। ক্লাব কর্তৃপক্ষ "এক হাজার স্পন্সর" (1,000 Sponsors) নামে একটি ব্যতিক্রমী তহবিল সংগ্রহ কর্মসূচি চালু করে। এই উদ্যোগে সমর্থক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ মানুষ মাত্র ২০০ পেরুভিয়ান সোলে (প্রায় ৬০ মার্কিন ডলার) দিয়ে দলের জার্সিতে নিজেদের নাম বা প্রতিষ্ঠানের লোগো যুক্ত করার সুযোগ পান।

অভিনব এই পরিকল্পনা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। মাত্র তিন মাসের মধ্যেই ১,০০০ জন স্পন্সর যুক্ত হন ক্লাবটির সঙ্গে। ফলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ সম্ভব হয়, যা ক্লাবের আর্থিক সংকট কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ক্লাবের এই উদ্যোগ প্রমাণ করেছে, বড় করপোরেট স্পন্সরের অপেক্ষায় না থেকে হাজারো ক্ষুদ্র পৃষ্ঠপোষকের সম্মিলিত অংশগ্রহণও একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে নতুন জীবন দিতে পারে। ফুটবলপ্রেমীদের মতে, এটি শুধু অর্থ সংগ্রহের একটি সফল উদাহরণ নয়, বরং সমর্থকদের সঙ্গে ক্লাবের আবেগময় সম্পর্কেরও অনন্য দৃষ্টান্ত। বিশ্ব ফুটবলে যেখানে অধিকাংশ ক্লাব বড় স্পন্সরের ওপর নির্ভরশীল,সেখানে দেপোর্তিভো মিউনিসিপালের এই উদ্যোগ এখন অনেক ক্লাবের কাছেই অনুপ্রেরণার মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।