পিড়াকাটায় ভয়াবহ বাস দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে ধানজমিতে উল্টে গেল যাত্রী বোঝাই বাস
সেখ ওয়ারেশ আলী:লালগড় হয়ে মেদিনীপুর আসার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই একটি বাস। বুধবার, পশ্চিম মেদিনীপুর জেলার পিড়াকাটা ফাঁড়ির অন্তর্গত দামাকাটা ও সাতপাটির মাঝামাঝি এলাকায় একটি পুরনো নীলকুঠির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধানজমিতে উল্টে যায় ‘মোহন’ নামের বাসটি। দুর্ঘটনায় বাসের একাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে স্থানীয় সূত্রে খবর।জানা গিয়েছে, লছিপুর থেকে লালগড় ও পিড়াকাটা হয়ে মেদিনীপুরের দিকে যাচ্ছিল বাসটি। বাসে বহু যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীও ছিল বলে জানা গিয়েছে। চলন্ত বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানজমিতে উল্টে পড়লে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, চলন্ত অবস্থায় বাসটির স্টিয়ারিংয়ে কোনও সমস্যা দেখা দেওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।দুর্ঘটনার পরেই উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার এবং দুর্ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখার কাজ শুরু হয়। বাসে থাকা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, যান্ত্রিক ত্রুটি ছিল কি না এবং দুর্ঘটনার সময় বাসের গতি কত ছিল—সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।