অভিজিৎ সাহা: পূর্ব বর্ধমান জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৫টির প্রার্থী তালিকা আগেই প্রকাশ করেছিল বিজেপি। বাকি ছিল একমাত্র মেমারি অসংরক্ষিত কেন্দ্র। অবশেষে মঙ্গলবার সেই জল্পনার অবসান ঘটিয়ে চতুর্থ দফার প্রার্থী তালিকায় মেমারি থেকে সাংবাদিক মানব গুহকে প্রার্থী ঘোষণা করল বিজেপি। দলীয় সূত্রে প্রকাশিত তালিকায় তাঁর নাম রয়েছে।সংবাদ জগতের পরিচিত মুখ মানব গুহ একসময় মূলধারার সংবাদমাধ্যমে কাজ করেছেন। পরবর্তীতে তিনি নিজের সামাজিক মাধ্যমভিত্তিক পেজ, ডিজিটাল চ্যানেল ও নিউজ পোর্টাল চালু করে সেখানে সক্রিয়ভাবে জনমত গড়ে তুলেছেন। সেই কারণেই তাঁর রাজনৈতিক অভিষেক ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিস্তর আলোচনা।তৃণমূল কংগ্রেসের একাংশের অভিযোগ, মানব গুহ দীর্ঘদিন ধরেই বিজেপি-ঘনিষ্ঠ কনটেন্ট নির্মাতা হিসেবে কাজ করেছেন।
তাঁদের দাবি, তাঁর কনটেন্টে বারবার রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী Mamata Banerjee এবং তৃণমূল কংগ্রেসকে নিশানা করা হয়েছে। শাসকদলের কটাক্ষ, এই প্রার্থী পদ নাকি তাঁর সেই রাজনৈতিক অবস্থানেরই “পুরস্কার”।অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে মানব গুহ জানিয়েছেন, তিনি বরাবরই দুর্নীতি, অনিয়ম এবং জনস্বার্থের ইস্যুতে সরব থেকেছেন। তাঁর বক্তব্য, তিনি কোনও নির্দিষ্ট দলের হয়ে নয়, মানুষের পক্ষে কথা বলেছেন। বিজেপি এবার “প্রতিবাদী কণ্ঠস্বর”-দেরই প্রাধান্য দিচ্ছে বলেই তাঁকে প্রার্থী করা হয়েছে বলে দাবি তাঁর।উল্লেখ্য, এর আগেও একাধিক সাংবাদিক ও মিডিয়া-পরিচিত মুখকে দলে টেনে প্রার্থী করেছে বিজেপি। ফলে মানব গুহর প্রার্থিতা সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছে রাজনৈতিক মহল।দীর্ঘদিন ধরেই মেমারি কেন্দ্রের প্রার্থী নিয়ে জোর জল্পনা চলছিল। শেষ পর্যন্ত স্থানীয় “ভূমিপুত্র” ইমেজকে সামনে রেখে মানব গুহর ওপরেই আস্থা রাখল পদ্মশিবির। এখন নজর থাকবে, এই চমকপ্রদ প্রার্থী ঘোষণা ভোটের অঙ্কে কতটা প্রভাব ফেলে।