Skip to content

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পথ নিরাপত্তায় নজির! হেলমেট উপহার, ট্রাফিক কিয়স্ক উদ্বোধন ও ১০০ CCTV-র পরিকল্পনা!

নিজস্ব সংবাদদাতা : "হেলমেট শুধু আইন মেনে চলার জন্য নয়, নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য"— এই বার্তাকে সামনে রেখেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এগরা থানা ও এগরা ট্রাফিকের যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল এক বিশেষ পথ নিরাপত্তা ও ট্রাফিক সচেতনতা কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা, এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অগ্নিস্বর চৌধুরী-সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা। উপস্থিত অতিথিরা পথ নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো বা আরোহনের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়। পাশাপাশি, হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের হাতে নতুন হেলমেট তুলে দিয়ে নিরাপদ যাত্রার অঙ্গীকারে শামিল করে জেলা পুলিশ। আয়োজকদের বক্তব্য, সচেতনতাই সড়ক দুর্ঘটনা রোধের অন্যতম প্রধান উপায়।

এদিন রোদ ও গরমের মধ্যে প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে যান চলাচল নিয়ন্ত্রণ ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে চলা ট্রাফিক পুলিশ কর্মীদের সম্মান জানিয়ে তাঁদের হাতে তুলে দেওয়া হয় 'সামার কিট'। এই উদ্যোগের লক্ষ্য, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যাতে তাঁরা আরও স্বাচ্ছন্দ্যে ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।শহরের ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিক ও সুশৃঙ্খল করতে উদ্বোধন করা হয় দুটি নতুন ট্রাফিক কিয়স্ক। পাশাপাশি, আগামী দিনে সমগ্র এগরা শহরজুড়ে ১০০টি সিসিটিভি (CCTV) ক্যামেরা বসানোর পরিকল্পনার কথাও জানানো হয়। এর মাধ্যমে শহরের নিরাপত্তা, নজরদারি এবং অপরাধ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।এছাড়াও, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় হাই-মাস্ট লাইট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে রাতের নিরাপত্তা বৃদ্ধি এবং জনসাধারণের চলাচল আরও নিরাপদ করা যায়।

Latest