নিজস্ব সংবাদদাতা : হলদিয়া পেট্রোকেমিক্যালসে মঙ্গলবার ভোরে ঘটে গেল বড়সড় অগ্নিকাণ্ড। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, সংস্থার একটি ন্যাপথা গ্যাস পাইপলাইনে আচমকা বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে এলসি গেট নম্বর ৫৬-এর উত্তর দিকে, শিল্পপ্রবেশ রেল স্টেশনের পাশেই। বিস্ফোরণের জেরে প্রায় ৫০ মিটার দূরে থাকা এইচপিএল-এর গ্যাস পাইপলাইনে আগুন ধরে যায় এবং তা দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।অগ্নিকাণ্ডের তীব্রতায় শিল্পপ্রবেশ স্টেশন সংলগ্ন রেলের ওভারহেড বিদ্যুৎ লাইন, ট্রান্সফরমার এবং রেললাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চললেও, এখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
দুর্ঘটনায় অন্তত তিনজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে।অগ্নিকাণ্ডের সরাসরি প্রভাব পড়েছে রেল পরিষেবায়। রেল সূত্রে জানা গিয়েছে, ওভারহেড বিদ্যুৎ লাইনের ক্ষতির কারণে ৩৮০৫২ হলদিয়া–হাওড়া লোকাল বাতিল করা হয়েছে। ৩৮০৫১ হাওড়া–হলদিয়া লোকাল হলদিয়া পর্যন্ত যাবে না; ট্রেনটি দুর্গাচক থেকেই ফিরে যাবে। পাশাপাশি আসানসোল–হলদিয়া এক্সপ্রেসও হলদিয়া পৌঁছাবে না বলে জানানো হয়েছে। ট্রেনটি দুর্গাচক থেকেই ফিরিয়ে দেওয়া হতে পারে এবং পরিষেবায় বিলম্বের সম্ভাবনাও রয়েছে।রেলের টিআরডি (TRD) বিভাগের কর্মীরা ওভারহেড তার মেরামতের জন্য ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের তীব্রতার কারণে এখনও মেরামতির কাজ শুরু করা সম্ভব হয়নি। ফলে কবে রেল পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো যায়নি।রেল কর্তৃপক্ষের কাছে যাত্রীদের সুবিধার্থে আগাম বিজ্ঞপ্তি জারির আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে যাত্রীদের অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে বিকল্প যাতায়াতের ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন, দমকল, রেল কর্তৃপক্ষ এবং হলদিয়া পেট্রোকেমিক্যালসের আধিকারিকরা।