Skip to content

পাঁশকুড়া স্টেশনে বড়সড় মাদক ধরপাকড়, ট্রলি ব্যাগে ৩১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১!

নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া রেলস্টেশনে ৩১শে মার্চ মঙ্গলবার জিআরপি-র তৎপরতায় বড়সড় মাদক পাচারচক্রের হদিশ মিলল। স্টেশন চত্বরে সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা দুটি ট্রলি ব্যাগ থেকে প্রায় ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রেল স্টেশন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গিয়েছে, ব্যাগ দু’টির ভিতরে মোট ২৯টি আলাদা প্যাকেটে মাদকদ্রব্যটি রাখা ছিল। স্টেশনে কর্তব্যরত রেল পুলিশের নজরে ব্যাগগুলি আসতেই তাৎক্ষণিকভাবে সেগুলি বাজেয়াপ্ত করা হয়। পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়।খড়্গপুর ডিভিশনের জিআরপি-র এসআরপি মিতুন কুমার দে জানান, সন্দেহজনক পরিস্থিতিতে ব্যাগ দুটি পরীক্ষা করতেই এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে অনুমান, পরিকল্পিতভাবে রেলপথ ব্যবহার করেই এই মাদক পাচারের চেষ্টা চলছিল।এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুরো পাচারচক্রের মূল মাথা এবং এর সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, মাদক কোথা থেকে আনা হচ্ছিল এবং কোন গন্তব্যে পাঠানোর পরিকল্পনা ছিল।পুলিশ সূত্রে খবর, আন্তঃজেলা বা আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের যোগ রয়েছে কি না, তাও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। রেলপথকে ব্যবহার করে এভাবে মাদক পাচারের চেষ্টা নতুন উদ্বেগ তৈরি করেছে নিরাপত্তা মহলে।ঘটনার পর থেকে পাঁশকুড়া স্টেশন এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। জিআরপি-র অনুমান, এই ঘটনার সূত্র ধরেই আরও বড় মাদকচক্রের পর্দাফাঁস হতে পারে।

Latest