মানব পাচার, বাল্যবিবাহ ও শিশু সুরক্ষায় সচেতনতার বার্তা, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কর্মসূচি

মানব পাচার, বাল্যবিবাহ ও শিশু সুরক্ষায় সচেতনতার বার্তা, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা : মানব পাচার, বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি যৌন নির্যাতনের মতো সামাজিক অপরাধ রোধে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। স্বেচ্ছাসেবী সংস্থা 'শক্তি বাহিনী'-র সহযোগিতায় আয়োজিত হয় এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক কর্মসূচি, যেখানে শিশু সুরক্ষা এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ), ডিএসপি (ডি.ই.বি.), ডিএসপি (ডি.আই.বি.), স্পেশাল পাবলিক প্রসিকিউটর দেবরঞ্জন ব্যানার্জি এবং জেলার বিভিন্ন থানার শিশু কল্যাণ পুলিশ আধিকারিক (Child Welfare Police Officer)-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

কর্মসূচিতে মানব পাচার, বাল্যবিবাহ এবং শিশুদের উপর যৌন নির্যাতনের মতো অপরাধের কারণ, প্রভাব এবং প্রতিরোধের উপায় নিয়ে বিশদ আলোচনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে আরও সচেতন করে তোলা, সন্দেহজনক ঘটনার দ্রুত পুলিশকে জানানো এবং প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সম্মিলিত উদ্যোগে এই ধরনের অপরাধ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।অনুষ্ঠানে বক্তারা জানান, শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কেবল আইন প্রয়োগই নয়, সমাজের প্রতিটি মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নিরাপদ, সুরক্ষিত ও মানবিক সমাজ গড়ে তুলতে সকলের সহযোগিতাই হতে পারে সবচেয়ে বড় শক্তি।