Skip to content

মেদিনীপুরে শরৎপল্লীতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, স্বর্ণ ব্যবসায়ী দুই ভাইয়ের উপর হামলার পর গুলি চালিয়ে ছিনতাই!

সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের শরৎপল্লী এলাকায় রবিবার ২৯শে জুন গভীর রাতে ঘটে গেল এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ী দুই ভাইয়ের উপর অতর্কিত হামলা চালায় চারজন দুষ্কৃতী। অভিযোগ, ব্যাট দিয়ে এলোপাথাড়ি মারধর করে তাঁদের কাছে থাকা একাধিক ব্যাগ ছিনিয়ে নেওয়ার পর আতঙ্ক সৃষ্টি করতে গুলি চালিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত দুই ব্যবসায়ীর নাম অলোক রানা ও রাজু রানা। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁদের চিকিৎসা চলছে।

আহত অলোক রানা জানান, প্রতিদিনের মতো রবিবার রাতেও দোকান বন্ধ করে দুই ভাই বাড়ি ফিরছিলেন। শরৎপল্লী এলাকায় পৌঁছতেই চারজন দুষ্কৃতী তাঁদের পথ আটকে দেয়। কিছু বুঝে ওঠার আগেই ব্যাট দিয়ে বেধড়ক মারধর শুরু করে। তাঁরা সাহায্যের জন্য চিৎকার করলে দুষ্কৃতীরা তাঁদের কাছে থাকা একাধিক ব্যাগ ছিনিয়ে নেয়। পালিয়ে যাওয়ার সময় আতঙ্ক ছড়াতে গুলি চালায় বলে অভিযোগ। গুলির শব্দে আশপাশের মানুষ ছুটে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের দাবি, খুব শীঘ্রই অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।মেদিনীপুর শহরের ব্যস্ত এলাকায় প্রকাশ্যে হামলা, ছিনতাই এবং গুলি চালানোর অভিযোগ ঘিরে শহরের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।

Latest