নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টি ও কালবৈশাখীর দাপট আপাতত থেমেছে। এবার ফের গরমের দাপট বাড়ার স্পষ্ট ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদদের পূর্বাভাস, আগামী কয়েক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়বে, ফলে সাধারণ মানুষের অস্বস্তি আরও বাড়বে।হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের উপর আপাতত শুষ্ক পশ্চিমি ও উত্তর-পশ্চিমি বায়ুপ্রবাহ সক্রিয় থাকবে। এর জেরেই ২ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত একাধিক জেলায় উষ্ণ, আর্দ্র এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকতে পারে বলেও জানানো হয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরমের প্রভাব বেশি অনুভূত হতে পারে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উপকূল সংলগ্ন জেলাগুলিতে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে। অন্যদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আর্দ্রতা ৭০ থেকে ৮০ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে। ফলে গরমের পাশাপাশি ভ্যাপসা আবহাওয়া মানুষের দৈনন্দিন জীবনকে আরও কষ্টকর করে তুলবে।এই পরিস্থিতিতে আবহবিদদের স্পষ্ট পরামর্শ, প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোই শ্রেয়। বিশেষ করে শিশু, প্রবীণ ও যাঁদের শারীরিক সমস্যা রয়েছে, তাঁদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পর্যাপ্ত জলপান, হালকা সুতির পোশাক এবং রোদ এড়িয়ে চলার নির্দেশও দেওয়া হয়েছে।
বৃষ্টির বিদায়, দক্ষিণবঙ্গে ফিরছে দাবদাহ! ৪-৬ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, আর্দ্রতায় বাড়বে অস্বস্তি