Skip to content

ভোটের আগে সুন্দরবনে জোর প্রচারে রেখা পাত্র, দলীয় কার্যালয় উদ্বোধনের পর ঘরে ঘরে জনসংযোগ!

অভিজিৎ সাহা : আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সুন্দরবন ও হিঙ্গলগঞ্জ এলাকায় প্রচারে গতি বাড়ালেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। বিজেপির ঘোষিত প্রার্থী হিসেবে তিনি হিঙ্গলগঞ্জ (এসসি) কেন্দ্র থেকে লড়ছেন।বুধবার দুলদুলি এলাকায় নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে প্রচারের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। এরপর সরাসরি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং স্থানীয় সমস্যার খোঁজ নেন।এদিন জনসংযোগে গিয়ে এলাকার বাসিন্দাদের কাছ থেকে পানীয় জলের সংকট, কর্মসংস্থানের অভাব, রাস্তা ও অন্যান্য পরিকাঠামোগত সমস্যা সম্পর্কে বিস্তারিত শোনেন রেখা পাত্র।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এই সমস্যাগুলি জিইয়ে রয়েছে, কিন্তু স্থায়ী সমাধান হয়নি। সেই ক্ষোভকেই প্রচারের মূল ইস্যু হিসেবে তুলে ধরতে দেখা যায় বিজেপি প্রার্থীকে।প্রচারের ময়দান থেকেই তিনি শাসক TMC-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল সরকার বারবার প্রতারণা করেছে। বিশেষ করে সুন্দরবনের মতো দুর্গম এলাকায় পানীয় জল, কাজ এবং বন্যা-পরবর্তী পরিকাঠামো উন্নয়নে শাসকদলের ব্যর্থতার অভিযোগও তোলেন তিনি।রেখা পাত্রের আশ্বাস, বিজেপি ক্ষমতায় এলে এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, সুন্দরবনের মতো স্পর্শকাতর অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য “ডাবল ইঞ্জিন সরকার” অত্যন্ত প্রয়োজন।সব মিলিয়ে ভোট যত এগিয়ে আসছে, হিঙ্গলগঞ্জ-সুন্দরবন অঞ্চলে রাজনৈতিক প্রচারের উত্তাপ ততই বাড়ছে। দুলদুলি থেকে শুরু হওয়া রেখা পাত্রের এই ঘনঘন জনসংযোগ যে নির্বাচনী লড়াইকে আরও তীব্র করবে, তা বলাই যায়।

Latest