Skip to content

খড়গপুরে বিদ্যালয় স্তরের রক্তদান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, অংশ নিল ২৮টি স্কুলের ৫৬ জন পড়ুয়া!

অরিন্দম চক্রবর্তী : আগামী প্রজন্মের মধ্যে স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বৈজ্ঞানিক জ্ঞান প্রসারের লক্ষ্য নিয়ে অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি ব্লাড ডোনারস, ওয়েস্ট বেঙ্গলের তত্ত্বাবধানে এবং খড়গপুর ভলান্টারি ব্লাড ডোনারস অর্গানাইজেশনের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা চ্যাম্পিয়নশিপের আওতায় রাজ্যব্যাপী বিদ্যালয় স্তরের রক্তদান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে কলকাতা থেকে উপস্থিত ছিলেন দীপঙ্কর সরকার ও পঙ্কজ তাঁতি। সমগ্র অনুষ্ঠান সফলভাবে পরিচালনায় খড়গপুর ভলান্টারি ব্লাড ডোনারস অর্গানাইজেশনের সদস্যরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

২৮ জুন খড়গপুরের অতুলমণি হাই স্কুলে আয়োজিত এই প্রতিযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক থেকে মোট ২৮টি বিদ্যালয়ের ৫৬ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছয়টি শ্রেণিকক্ষে পৃথকভাবে কুইজের আয়োজন করা হয়। প্রতিটি কক্ষে একজন করে কুইজমাস্টার প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন।

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, রক্তদান সংক্রান্ত বৈজ্ঞানিক জ্ঞান ও সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে তাঁদের উদ্যোগে একদিন, তিনদিন এবং সাতদিনের বিশেষ প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়। ভবিষ্যৎ প্রজন্ম যাতে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে পারে, সেই লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন।রক্তদান সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং মানবিক মূল্যবোধ বিকাশে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত প্রকাশ করেন উপস্থিত বিশিষ্টজনেরা।

Latest