অভিজিৎ সাহা: পশ্চিমবঙ্গের আসন্ন West Bengal Assembly Election-এর আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির আঁতাঁতের অভিযোগ তুললেও, এবার সরাসরি কংগ্রেস ও ডিএমকে-র বিরুদ্ধে কমিশনের সঙ্গে ‘বোঝাপড়া’র অভিযোগ আনলেন তিনি। এমনকি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী M. K. Stalin-এর নামও উল্লেখ করেন তৃণমূল সুপ্রিমো।সোমবার নদিয়ার নাকাশিপাড়ার জনসভা থেকে মমতা প্রশ্ন তোলেন, বাংলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী আধিকারিকদের কেন তামিলনাড়ুতে পাঠানো হচ্ছে। তাঁর কথায়, “বাংলার অফিসারদের এতটা তামিলনাড়ুর প্রতি টান কেন? এর পিছনে নিশ্চয়ই কংগ্রেস ও স্ট্যালিনের সঙ্গে কোনও বোঝাপড়া রয়েছে।”
উল্লেখ্য, বিজেপি-বিরোধী ইন্ডিয়া জোটে কংগ্রেস, ডিএমকে-সহ মোট ২৮টি দল রয়েছে। এতদিন এই জোটে ঐক্যের বার্তা দিলেও, ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়র এই মন্তব্যে জোটের ভিতরে ফাটলের ইঙ্গিত দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।এর পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিশেষ ভোটার তালিকা সংশোধনের নামে বহু ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে, যা কেন্দ্রের নির্দেশেই হচ্ছে বলে দাবি তাঁর। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যের মধ্যে বাংলাতেই সবচেয়ে বেশি প্রশাসনিক আধিকারিককে বদলি করা হয়েছে। প্রায় ৫০০-র বেশি পুলিশ ও সিভিল অফিসারকে অন্যত্র পাঠানো হয়েছে, যাঁদের অনেককেই তামিলনাড়ুতে পাঠানো হয়েছে।মমতা বন্দ্যোপাধ্যায়র অভিযোগ, এই ব্যাপক বদলির ফলে ভোটের আগে প্রয়োজনীয় নজরদারি ও নাকা চেকিংয়ে ঘাটতি দেখা দিচ্ছে। ফলে নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে বলে দাবি তাঁর।রাজনৈতিক মহলের মতে, ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ দুই শরিক কংগ্রেস ও ডিএমকে-কে এভাবে সরাসরি নিশানা করা আগামী দিনে বিরোধী ঐক্যের ওপর প্রভাব ফেলতে পারে। এখন দেখার, এই মন্তব্যের জেরে জোট রাজনীতিতে কী প্রভাব পড়ে।