Skip to content

সুপার ৮-এ ভারতের দাপট, জিম্বাবোয়েকে ৭২ রানে হারিয়ে সেমিফাইনালের দোরগোড়ায় ভারতের!

1 min read

ভারত ২৫৬/৪ (২০)
জিম্বাবোয়ে ১৮৪/৬ (২০)

নিজস্ব সংবাদদাতা : সুপার ৮-এর গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে পূর্ণ আধিপত্য দেখাল ভারত। প্রথমে ব্যাট করে ২৫৬ রানের বিশাল স্কোর তুলে কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত ৭২ রানের জয় তুলে নিয়ে সেমিফাইনালের লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। টসে জিতে জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ওপেনিং জুটিতে এদিন অভিষেক শর্মার সঙ্গে নামেন সঞ্জু স্যামসন। শুরুটা আক্রমণাত্মক হলেও বড় ইনিংস খেলতে পারেননি স্যামসন—২৪ রান করে ফিরতে হয় তাঁকে।

তবে চলতি টুর্নামেন্টে ছন্দহীন অভিষেক এদিন দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। মাত্র ৩০ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের ভিত গড়ে দেন তিনি।তিন নম্বরে নেমে ঈশান ৩৮ রানের কার্যকর ইনিংস খেলেন। ১৩ ওভারেই ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। অধিনায়ক সূর্যকুমার যাদব মাত্র ১৩ বলে ৩৩ রানের ক্যামিও খেলেন।

T20 World Cup 2026: India post second-highest total in tournament history  with 256/5 in must-win game vs Zimbabwe

শেষের দিকে হার্দিক পান্ডিয়া (৫০) ও তিলক বর্মা (৪৪) ঝড় তুলে স্কোর ২৫৬-এ পৌঁছে দেন। জিততে হলে জিম্বাবোয়েকে করতে হতো ২৫৭ রান—যা এই পিচে প্রায় পাহাড়প্রমাণ লক্ষ্যই বলা যায়। রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ের ব্যাটাররা লড়াইয়ের চেষ্টা করলেও নিয়মিত উইকেট পড়ায় ম্যাচ হাতছাড়া হয়ে যায়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রানেই থামে তাদের ইনিংস। একমাত্র ব্রায়েন বেনেট লড়াই জারি রেখে ৫৯ বলে ৯৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। অধিনায়ক সিকন্দর রাজা ২১ বলে ৩১ রান করেন। কিন্তু অন্য ব্যাটাররা বড় রান তুলতে ব্যর্থ হন।ভারতের হয়ে অর্শদীপ সিং তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও শিবম দুবে একটি করে উইকেট পান, যদিও কিছুটা খরচা হয়েছে তাঁদের বোলিংয়ে।

তবু বড় রানের পুঁজি থাকায় জয় নিয়ে কোনও সংশয় তৈরি হয়নি।এবার ভারতের সামনে আরও বড় চ্যালেঞ্জ। ১ মার্চ Eden Gardens-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। যে দল জিতবে, তারাই পৌঁছে যাবে সেমিফাইনালে।

ফলে এই লড়াই কার্যত ‘করো বা মরো’। ভারতের ধারাবাহিকতা বজায় থাকে কিনা, এখন সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

Latest