Skip to content

প্রিমিয়ার লিগ ম্যাচ শেষে ভয়াবহ হামলা, ঘানায় ডাকাতদের গুলিতে নিহত প্রতিভাবান ফুটবলার!

1 min read
ডমিনিক ফ্রিমপং।

নিজস্ব সংবাদদাতা : ঘানার প্রিমিয়ার লিগে ফুটবল ম্যাচ খেলে ফেরার পথে ভয়াবহ সশস্ত্র হামলার মুখে পড়ল বেরেকুম চেলসি ফুটবল ক্লাবের দলীয় বাস। মুখোশধারী ডাকাতদলের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারালেন মাত্র ২০ বছরের প্রতিভাবান উইঙ্গার ডমিনিক ফ্রিমপং। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ঘানার ফুটবল মহলে। রবিবার দক্ষিণ ঘানার সামরেবোই শহরে সামারটেক্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলে ফিরছিল বেরেকুম চেলসি। ফেরার পথে গোয়াসো-বিবিয়ানি সড়কে আচমকাই একদল সশস্ত্র দুষ্কৃতী দলীয় বাসের পথ আটকে দেয়। পরিস্থিতি বুঝে বাসচালক দ্রুত গাড়ি পিছিয়ে নেওয়ার চেষ্টা করলে মুখোশধারীরা অ্যাসল্ট রাইফেল থেকে গুলি চালাতে শুরু করে। আতঙ্কে ফুটবলার ও সাপোর্ট স্টাফেরা বাস থেকে নেমে রাস্তার ধারের ঝোপঝাড়ে আশ্রয় নেন। সেই সময় গুলিবিদ্ধ হন ফ্রিমপং। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ক্লাব সূত্রে জানা গিয়েছে, চলতি মরশুমে লোনে দলে যোগ দেওয়া এই তরুণ ফুটবলার ইতিমধ্যেই ১৩ ম্যাচে ২টি গোল করে নজর কেড়েছিলেন। তাঁর অকালমৃত্যু শুধু বেরেকুম চেলসির নয়, ঘানার ফুটবলেরও অপূরণীয় ক্ষতি বলে মনে করা হচ্ছে। ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) এক বিবৃতিতে গভীর শোকপ্রকাশ করে জানিয়েছে, “ডমিনিক ছিল ঘানার ফুটবলের এক উজ্জ্বল ভবিষ্যৎ। তাঁর নিষ্ঠা, আবেগ এবং প্রতিভা আমাদের লিগের সম্পদ ছিল।” একই সঙ্গে ভবিষ্যতে ঘরোয়া লিগের দলগুলির সফরের নিরাপত্তা আরও জোরদার করার আশ্বাসও দিয়েছে সংস্থা।

প্রতিভাবান উইঙ্গার ডমিনিক ফ্রিমপং

Latest