নিজস্ব সংবাদদাতা: মানবসেবাই যে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি, তারই উজ্জ্বল নজির গড়ল মেদিনীপুর শহরের দ্বারিবাঁধের চ্যাটার্জী পরিবার। বিশিষ্ট সমাজকর্মী প্রয়াত রবীন্দ্রনাথ চ্যাটার্জীর স্মৃতির উদ্দেশ্যে শুক্রবার আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৮৪ জন রক্তদাতা রক্তদান করেন। তাঁদের মধ্যে ২০ জন ছিলেন মহিলা রক্তদাতা। মানবিকতার এই উদ্যোগ ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ। চ্যাটার্জী পরিবারের নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে উপস্থিত অতিথি ও রক্তদাতাদের আন্তরিকভাবে স্বাগত জানান প্রয়াত রবীন্দ্রনাথ চ্যাটার্জীর পত্নী শুক্লা চ্যাটার্জী, দুই পুত্র দেবকান্ত চ্যাটার্জী ও রঞ্জন চ্যাটার্জী-সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ২০২০ সাল থেকে শুরু হওয়া এই মহতী উদ্যোগ এ বছর সপ্তম বর্ষে পদার্পণ করল, যা ইতিমধ্যেই মেদিনীপুর শহরে এক সামাজিক দৃষ্টান্ত হয়ে উঠেছে।

শিবির আয়োজনে গুরুত্বপূর্ণ সহযোগিতা করে মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন সমাজকর্মী কীর্তি দে বক্সী, সুজয় হাজরা, প্রাক্তন অধ্যাপক জগবন্ধু অধিকারী, অজয় চ্যাটার্জি, হিমাদ্রী খান, নাট্যকর্মী দুলাল আঢ্য, বিদ্যুৎ বোস, উদ্যোগপতি উদয় চাঁদ পাল, সমাজসেবী অর্ঘ চক্রবর্তী, সঙ্গীতশিল্পী আলোক বরণ মাইতি, চিকিৎসক ডাঃ দেবব্রত চ্যাটার্জি, সমাজকর্মী রাহুল বিষুই-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অসীম ধর, প্রবীর কুমার লায়েক, প্রতিমা রানা-সহ অন্যান্য সদস্যরা। গোটা শিবিরটি সঞ্চালনা করেন শংকর মাঝি। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল ডেবরা ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।

উল্লেখযোগ্যভাবে, শুধু সাধারণ মানুষই নন, চ্যাটার্জী পরিবারের সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীরাও স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করে এই উদ্যোগকে আরও অর্থবহ করে তোলেন। শিবির সফলভাবে সম্পন্ন হওয়ায় চ্যাটার্জী পরিবারের পক্ষ থেকে সকল রক্তদাতা, অতিথি, সহযোগী সংস্থা ও শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। প্রয়াত রবীন্দ্রনাথ চ্যাটার্জীর সমাজসেবামূলক আদর্শকে সামনে রেখে এই রক্তদান শিবির আগামী দিনেও আরও বৃহত্তর আকারে অনুষ্ঠিত হবে বলেই আশাবাদী শহরবাসী।