সেখ ওয়ারেশ আলী: গড়বেতার ঐতিহ্যবাহী সর্বমঙ্গলা মন্দির চত্বর এখন কার্যত রাজনৈতিক রণক্ষেত্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র আগমনকে ঘিরে উত্তেজনা চরমে উঠেছে এলাকায়। মন্দির চত্বর ও সংলগ্ন এলাকায় জোরকদমে প্রস্তুতি শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। পতাকা, ফেস্টুন ও ব্যানারে সাজানো হয়েছে গোটা এলাকা। ‘পরিবর্তন যাত্রা’-র সমর্থনে বিভিন্ন স্লোগান ও প্রচারমূলক বার্তায় ভরে উঠেছে চারপাশ। দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে স্পষ্ট উৎসাহ ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

অন্যদিকে, বিজেপির এই কর্মসূচিকে ঘিরে পাল্টা ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। মন্দিরের আশেপাশেই শাসক দলের পক্ষ থেকে লাগানো হয়েছে একাধিক প্ল্যাকার্ড ও পোস্টার, যেখানে বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করা হয়েছে। পাল্টা প্রচারে রাজনৈতিক বার্তার পাশাপাশি স্পষ্ট হয়েছে বিরোধিতার সুর। ফলে একই এলাকায় দুই রাজনৈতিক দলের প্রচারযুদ্ধ ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে শুরু হওয়া এই টানাপোড়েন এখন কার্যত সরাসরি তরজার আকার নিয়েছে।