Skip to content

পুলিশের ঘেরাটোপে জীবনতলা বাজারে শওকত মোল্লা, মাইকে বাজল ‘মাছ চোর’ গান!

নিজস্ব সংবাদদাতা : এক সময় যে জীবনতলা বাজারে প্রভাব ও দাপটের সঙ্গে চলাফেরা করতেন শওকত মোল্লা, বৃহস্পতিবার সেই একই রাস্তায় তাঁকে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে হাঁটতে দেখা গেল। ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষের নজর কেড়েছে আরেকটি বিষয়—মাইকে তখন বাজছিল ‘মাছ চোর’ গান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মামলার তদন্তের স্বার্থে ঘটনাস্থল পুনর্নির্মাণ (রেকনস্ট্রাকশন) করতে শওকত মোল্লাকে জীবনতলা বাজারে নিয়ে আসা হয়। তদন্তকারী আধিকারিকদের উপস্থিতিতে তাঁকে বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখানো হয় এবং ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্য যাচাই করা হয়।

দুপুরে যখন পুলিশি ঘেরাটোপে শওকতকে বাজারের রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখন জীবনতলা বাজারে ছিল উপচে পড়া ভিড়। কৌতূহলী মানুষজন রাস্তার দু'ধারে দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখেন। একসময় এই এলাকায় শওকত মোল্লার যথেষ্ট প্রভাব ছিল বলে স্থানীয়দের দাবি। তবে বৃহস্পতিবারের দৃশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন—অভিযুক্ত হিসেবে পুলিশের হেফাজতে তাঁকে বাজারের রাস্তায় হাঁটতে দেখা যায়। উল্লেখ্য, জীবনতলা এলাকাতেই অবস্থিত বিডিও অফিস, যেখানে একসময় পঞ্চায়েত সমিতির কার্যালয়ের সঙ্গে শওকত মোল্লার প্রশাসনিক কার্যকলাপও জড়িত ছিল। সেই এলাকাতেই এবার তদন্তের অংশ হিসেবে তাঁকে নিয়ে আসে পুলিশ।

Latest