কেশপুরে শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজেপি কর্মীর মৃত্যু!

কেশপুরে শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজেপি কর্মীর মৃত্যু!

সেখ ওয়ারেশ আলী : পতাকা উত্তোলনের সময় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে স্পর্শ লোহার রড, গুরুতর আহত আরও তিনজন!ঘাটাল সাংগঠনিক জেলার অন্তর্গত কেশপুরের পাঁচখুরি গ্রামে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতির মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দলীয় পতাকা উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বিজেপি কর্মীর। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

মৃতের নাম পাপাই পান (২৫)। আহতদের মধ্যে রয়েছেন কেশপুর ১ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি প্রবীণ হালদার, সুশান্ত দাস এবং কালিপদ সিং। তাঁদের প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনজনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন।পুলিশ ও দলীয় সূত্রে জানা গিয়েছে, কেশপুর ব্লকের ৩ নম্বর অঞ্চলের পাঁচখুরি গ্রামে দলীয় কার্যালয়ে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী উপলক্ষে পতাকা উত্তোলনের প্রস্তুতি চলছিল।

সেই সময় একটি লোহার রডের সাহায্যে পতাকা তোলার চেষ্টা করা হচ্ছিল। অভিযোগ, রডটি হঠাৎ বাঁক নিয়ে পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারে স্পর্শ করে। মুহূর্তের মধ্যে প্রবল বিদ্যুৎস্পৃষ্ট হন সেখানে উপস্থিত চারজন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও পাপাই পানকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অনুষ্ঠানের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। আকস্মিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n